- দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
শীতের ভোট ঘিরে ফের উত্তপ্ত লাদাখ! সোনমের গতিবিধিতে নিষেধাজ্ঞা, গৃহবন্দি করার অভিযোগ পরিবেশকর্মীর
লাদাখে শীতের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে প্রশাসনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। সে আবহেই পরিবেশকর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের গতিবিধির উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে লেহ জেলা প্রশাসন। জনসাধারণকে প্ররোচিত করা, অতীতে তাঁর বিভিন্ন কর্মসূচির জেরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এ পদক্ষেপ দাবি প্রশাসনের। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা প্রয়োগ করে জারি করা নির্দেশে ওয়াংচুককে এমন কোনো অননুমোদিত মিছিল, সমাবেশ, বিক্ষোভ কিংবা জনজমায়েতে অংশ নিতে নিষেধ করা হয়েছে, যা জনশান্তি বিঘ্নিত করতে পারে অথবা নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ওয়াংচুক। তাঁর অভিযোগ, নির্দেশের আড়ালে তাঁকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। বাড়ির চারপাশে সশস্ত্র পুলিশ মোতায়েন করে তাঁর স্বাভাবিক চলাফেরা এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।
বুধবার লেহের অতিরিক্ত জেলাশাসকের দফতর থেকে এ নির্দেশ জারি করা হয়। প্রশাসন সূত্রে খবর, ১১ নভেম্বর লেহের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) একটি রিপোর্ট জমা দিয়ে ওয়াংচুকের বিরুদ্ধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন। ওই রিপোর্টে অভিযোগ করা হয়, অতীতে ওয়াংচুকের বিভিন্ন কর্মকাণ্ড, সাধারণ মানুষকে সংগঠিত ও প্ররোচিত করার প্রচেষ্টার ফলে জেলার জনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে বিক্ষোভ, অনশন, প্রতিবাদ কর্মসূচি কিংবা জনসমাবেশের আয়োজন হলে এলাকায় শান্তি ও স্থিতাবস্থা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে পুলিশ। শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, আসন্ন পুরসভা, পঞ্চায়েত এবং ‘লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল’ (এলএএইচডিসি)-এর নির্বাচনেও এ ধরনের কর্মসূচির প্রভাব পড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। সে যুক্তিতেই বিএনএসএসের ১৬৩ নম্বর ধারা প্রয়োগ করে ওয়াংচুকের গতিবিধির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, তিনি এমন কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না, যা জনশান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনো মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, অনশন কিংবা জনসমাবেশ আয়োজন বা তাতে অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশের মেয়াদ ৬০ দিন। তবে আইন মেনে তার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা সংশোধন করা যেতে পারে। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশন এবং লাদাখের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে জেলায় ইতিমধ্যেই আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রশাসনের নির্দেশ জারির পরেই নিজের চলাফেরার স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে লাদাখ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন ওয়াংচুক। ১২ নভেম্বর তারিখের ওই চিঠিতে তিনি জানতে চেয়েছেন, কোন আইনি বিধানের ভিত্তিতে তাঁকে বাড়ির বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে কোথাও তাঁকে গৃহবন্দি রাখা, আটক করা কিংবা বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা বলা হয়নি। অথচ বাস্তবে তাঁর বাড়ির সামনে এবং আশপাশে প্রায় ২০ থেকে ২২ জন সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন রয়েছেন। তাঁদের উপস্থিতির ফলে তিনি কার্যত বাড়ি থেকে বেরোতে পারছেন না। ওয়াংচুকের অভিযোগ, বুধবার সন্ধ্যায় লেহের ‘এনডিএস মেমোরিয়াল পার্ক’-এ একটি প্রস্তাবিত ধর্নায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। রাত ৮টা নাগাদ সেখানে এক দল পুলিশকর্মী এসে তাঁকে প্রশাসনের নির্দেশের প্রতিলিপি দেন। এর পর চার জন মুখোশধারী ব্যক্তি তাঁকে জোর করে গাড়িতে তুলে তাঁর আবাসন ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ’ (এইচআইএএল)-এ নিয়ে যান। তাঁর আরও অভিযোগ, ওই সময় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা কিংবা আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। তার পর থেকেই বাড়ির চারপাশে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে।
চিঠিতে ওয়াংচুক প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, তিনি আদৌ বাড়ি থেকে বেরোতে পারবেন কি না। যদি না পারেন, তা হলে কোন আইনের কোন ধারায় তাঁকে আটকে রাখা হচ্ছে, তা লিখিত ভাবে জানাতে হবে। চিকিৎসা, পেশাগত কাজ, ধর্মীয় অনুষ্ঠান কিংবা পারিবারিক প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রেও তাঁর স্বাধীনতা রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, নির্দেশে ব্যবহৃত ‘যে কোনো কর্মকাণ্ড’ কথাটি অত্যন্ত অস্পষ্ট। এর ফলে তাঁর স্বাভাবিক পেশাগত কাজকর্ম এবং দৈনন্দিন জীবনযাপনও প্রশাসনিক বিধিনিষেধের আওতায় চলে আসতে পারে। যে পুলিশি রিপোর্টের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার প্রতিলিপিও চেয়েছেন ওয়াংচুক। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সমর্থনে কী কী তথ্যপ্রমাণ প্রশাসনের হাতে রয়েছে, তা জানতে চেয়েছেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে নিজেকে গৃহবন্দি বলে দাবি করেন লাদাখের পরিবেশকর্মী। তাঁর অভিযোগ, গত বছরের লেহের হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে দেরি, আসন্ন কাউন্সিল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে। তাঁর অভিযোগ, গত বছরের হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। অথচ শীতের মধ্যে তড়িঘড়ি কাউন্সিল নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের প্রচার ও নাগাল পরিকল্পিত ভাবে কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওয়াংচুক। তাঁর দাবি, গোটা লাদাখে এই নির্বাচন নিয়ে প্রতিবাদ চলছে।
ওয়াংচুকের বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপ এমন এক সময়ে করা হলো, যখন লাদাখে শীতের মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে। ওয়াংচুক-সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির নেতাদের বক্তব্য, লাদাখের ভৌগোলিক অবস্থান এবং শীতের চরম প্রতিকূলতার কথা বিবেচনা না করেই নির্বাচনের দিনক্ষণ স্থির করা হয়েছে। ডিসেম্বর মাসে ওই অঞ্চলের তাপমাত্রা অনেক জায়গায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। তুষারপাতের পূর্বাভাসও রয়েছে। ফলে এমন পরিস্থিতিতে ভোটগ্রহণ কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বুধবার লাদাখের সাংসদ মহম্মদ হানিফা, ‘লেহ অ্যাপেক্স বডি’ (এলএবি)-র সহ-সভাপতি চেরিং দর্জে লাকরুক, ‘কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (কেডিএ)-র নেতারা এবং ওয়াংচুক একটি যৌথ আবেদন জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তাঁদের আর্জি, আসন্ন নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হোক। এ আবেদনকে ‘লাদাখ থেকে জরুরি বার্তা’ বলেও উল্লেখ করেছেন তাঁরা।
আন্দোলনকারীদের যুক্তি, শীতের আগে লাদাখের বহু বাসিন্দা কাজ, পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনে উপত্যকার বাইরে চলে যান। ফলে নির্বাচনের সময় জনসংখ্যার বড়ো অংশ এলাকায় উপস্থিত থাকবেন না। প্রবীণ নাগরিকদের অনেকে ইতিমধ্যেই উষ্ণতর অঞ্চলে চলে যেতে শুরু করেছেন। অন্যদিকে, নভেম্বরের শেষ ও ডিসেম্বরের গোড়ায় হাজার হাজার পড়ুয়া পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য অন্য শহরে চলে যাবেন। এ পরিস্থিতিতে ভোটারদের বৃহৎ অংশের অনুপস্থিতি নির্বাচনে অংশগ্রহণের হার কমিয়ে দিতে পারে। ওয়াংচুকের মতে, ‘লাদাখ বিশ্বের শীতলতম জনবসতিপূর্ণ অঞ্চলগুলির অন্যতম। ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে তুষারপাতের কথা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে কী ভাবে নির্বাচন হবে? জনসংখ্যার অর্ধেকই লাদাখের বাইরে। পড়ুয়ারাও ইতিমধ্যে বিভিন্ন শহরে পড়াশোনা করছে। লেহ, কার্গিল-সহ অন্য এলাকাগুলি যখন প্রায় ফাঁকা, তখন কেন নির্বাচন করানো হচ্ছে?’ আন্দোলনকারীদের দাবি, মে বা জুন মাসে নির্বাচন আয়োজন করা হলে অনেক বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। হানিফা জানিয়েছেন, শীতের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে তিনি লাদাখের উপরাজ্যপালের কাছেও আপত্তি জানিয়েছেন। লাকরুকের বক্তব্য, লাদাখে শীতের চরম পরিস্থিতির মধ্যে নির্বাচন আয়োজন কার্যত নজিরবিহীন।
নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যেই লেহ ও কার্গিলের পুরসভা এলাকায় রাজনৈতিক বিক্ষোভ, ধর্না, মিছিল, সমাবেশ নিষিদ্ধ করেছে লাদাখের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বুধবার নির্দেশ জারি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুল শর্মা। সূত্রের খবর, ‘জম্মু ও কাশ্মীর মিউনিসিপ্যাল অ্যাক্ট, ২০০০’-এর ‘২৮২ নম্বর ধারা’ এবং ‘জম্মু ও কাশ্মীর মিউনিসিপ্যাল কমিটি (ইলেকশন) রুলস, ২০০৩’ প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় কোনও রাজনৈতিক দল, প্রার্থী, কর্মী, সমর্থক কিংবা অন্য কোনও ব্যক্তি লেহ ও কার্গিল পুরসভার সীমানার মধ্যে এমন কোনো কর্মসূচি আয়োজন করতে পারবেন না, যার ফলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্না, অবস্থান, অনশন, বিক্ষোভ, মিছিল কিংবা জনসমাবেশের মতো কর্মসূচির ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। ভোটারদের ভয় দেখানো, প্রভাবিত করা কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
লেহ ও কার্গিলের জেলাশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক দল, প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদেরও সতর্ক করা হয়েছে, যাতে কোনো ব্যক্তি বা সংগঠন ভোটারদের উপর চাপ সৃষ্টি করতে না পারে। নির্দেশের প্রতিলিপি সংবাদমাধ্যমের পাশাপাশি পুরসভা দফতর ও জেলাশাসকের কার্যালয়ের নোটিস বোর্ডে প্রকাশ করার কথাও বলা হয়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বৃহস্পতিবার লেহের মার্টায়ার্স পার্কে ধর্না কর্মসূচি পালন করে ‘লেহ অ্যাপেক্স বডি’। শীতের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিবাদেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সকাল থেকেই লেহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। নিরাপত্তার কড়াকড়ি আর প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বহু মানুষ ধর্নায় যোগ দেন বলে দাবি ‘এলএবি’-র। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, লাদাখের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের নানা স্তরের মানুষ শান্তিপূর্ণ ধর্নায় অংশ নিয়েছেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে, লাদাখের মানুষ এখননো ‘এলএবি’-র নেতৃত্বের উপর আস্থা রাখেন এবং নিজেদের দাবির বিষয়ে ঐক্যবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবারের প্রতিবাদ প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছে যে লাদাখের মানুষ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতেই নিজেদের দাবি জানাতে চান। সংবিধানপ্রদত্ত প্রতিবাদের অধিকার প্রয়োগ করে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, লাদাখের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও এখনো কোনো সমাধানসূত্র বেরোয়নি। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর লেহে আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়। আহত হন ৮০ জনেরও বেশি। তার পর থেকে লাদাখের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের টানাপড়েন অব্যাহত। ‘এলএবি’, ‘কেডিএ’-র মূল দাবি, শীতের পরে নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে তৈরি হওয়া নতুন নির্বাচনী মানচিত্রও পুনর্বিবেচনা করতে হবে। তাঁদের বক্তব্য, নতুন জেলা তৈরি এবং সে অনুযায়ী ‘হিল কাউন্সিল’-এর কাঠামোয় পরিবর্তন আনার ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি। অন্যদিকে, লাদাখের মুখ্যসচিব আশিস কুন্দ্রা মঙ্গলবার কাউন্সিল নির্বাচনকে গণতন্ত্রের ভিত আরও মজবুত করার পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য, এই নির্বাচন লাদাখে গণতন্ত্রের বৃহত্তর যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে। পাশাপাশি, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি প্রতিনিধিত্বমূলক সংস্থাও গড়ে উঠছে বলে জানিয়েছেন তিনি।
লাদাখের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘হিল কাউন্সিল’-এর পুনর্গঠনও। ১৯৯৭ সালে তৎকালীন জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাশ হওয়া একটি আইনের ভিত্তিতে লাদাখের ‘হিল কাউন্সিল’ গঠিত হয়েছিল। ওই আইন অনুযায়ী, তৎকালীন দুই জেলা লেহ ও কার্গিলে ২৬ জন করে নির্বাচিত সদস্য নিয়ে পৃথক কাউন্সিল গঠনের ব্যবস্থা ছিল। অর্থাৎ, দুই কাউন্সিলে মোট নির্বাচিত আসন ছিল ৫২। চলতি বছরের এপ্রিল মাসে লাদাখ প্রশাসন ৫টি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নেয়। লেহ জেলা ভেঙে নুব্রা, শাম এবং চাংথাংকে পৃথক জেলা করা হয়। অন্যদিকে, কার্গিল জেলা থেকে জ়ানস্কর এবং দ্রাসকে পৃথক জেলা করা হয়েছে। সাঙ্কুও নতুন জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে লাদাখে জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। এরপর অক্টোবরে রাষ্ট্রপতির জারি করা এক বিধির মাধ্যমে ১৯৯৭ সালের আইন সংশোধন করে কেন্দ্র। নতুন ব্যবস্থায় প্রতিটি জেলার জন্য পৃথক হিল কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কাউন্সিলের সংখ্যা ২টি থেকে বেড়ে হয়েছে ৮। নির্বাচিত আসনের সংখ্যাও ৫২ থেকে বেড়ে ১০০ হয়েছে। নতুন কাঠামোয় লেহে ২২টি এবং কার্গিলে ২১টি আসন রয়েছে। বাকি ৬টি কাউন্সিলে আসনসংখ্যা ৭ থেকে ১৩-র মধ্যে। নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হিল কাউন্সিলের ভোটগ্রহণ চলবে। তার আগে ২১ নভেম্বর লাদাখে পঞ্চায়েত এবং লেহ ও কার্গিল পুরসভার নির্বাচন হওয়ার কথা। লাদাখে শেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। হিল কাউন্সিল’-এর শেষ নির্বাচন হয়েছিল ২০২৩ সালে।
❤ Support Us





