- দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৬
মহিলাদের কাছেই প্রহৃত মহিলা বিএসএফ কর্মী, গ্রেফতার ২
সীমান্ত লাগোয়া এলাকায় রাতের বেলা সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে মহিলার কাছে কারণ জানতে চাইলে বিএসএফের মহিলা জওয়ানকে মারধোরের ঘটনায় চাঞ্চল্য স্বরূপনগরে। সীমান্তে কর্তব্যরত ওই বিএসএফের মহিলা কনস্টেবলকে মারধোরের অভিযোগে পুলিশ ২ মহিলাকে গ্রেফতার করেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি হাকিমপুর সীমান্তের ঘটনা।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সীমান্ত কাঁটাতারের কাছেই এক মহিলা সন্দেহজনক ভাবে ঘোরাফেলা করছিল। কর্তব্যরত বিএসএফের এক মহিলা কনস্টেবল তাকে জেরা করতেই তার কথার অসঙ্গতি দেখে তাকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় ওই বিএসএফ কনস্টেবল। সেই সময় মহিলার সঙ্গে বচসা বাঁধে। মহিলা তখন চিৎকার করে গ্রামের কয়েকজন মহিলাকে জড়ো করে বিএসএফ–র মহিলা কর্মীকে মারধোর করে বলে অভিযোগ।
বিএসএফের তরফে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। বিএসএফের অভিযোগের ভিত্তিতে ২ মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় ধৃত ২ মহিলার নাম ফতেমা খাতুন ও সেলিনা বিবি। অন্যদিকে ফতেমার পরিবার পাল্টা তাকে নিগ্রহের অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত করছে। ধৃত ফতেমা খাতুন ও সেলিনা বিবিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
❤ Support Us





