- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৮, ২০২৫
ভারতীয় পাসপোর্ট সমর্পণের আবেদন ললিত মোদীর, নিচ্ছেন ভানুয়াতুর নাগরিকত্ব। চলবে আইনি লড়াই, জানাল পররাষ্ট্রমন্ত্রক
ভারতীয় পাসপোর্ট সমর্পণের জন্য লন্ডনে ভারতীয় হাইকমিশনে আবেদন করেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। এমনই জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ললিত মোদী প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছেন। ভানুয়াতু প্রায় ১৫০,০০০ ডলারে নাগরিকত্ব বিক্রি করে। ভারতে কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত ললিত মোদী। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি ললিত মোদীকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করেছে।
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ললিত মোদী লন্ডনে ভারতীয় হাইকমিশনে তাঁর পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা এটাও জানি যে, তিনি ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছেন। আইন অনুযায়ী আমরা তাঁর বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছি। ইংল্যান্ডের সাথে স্বরাষ্ট্র দফতর এবং পররাষ্ট্র দফতরের আলোচনার সময় ভারত মোদী এবং বিজয় মালিয়াসহ অন্যান্য ঘোষিত পলাতক আসামির বিষয়টি উত্থাপন করেছে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ–সভাপতির পদে অধিষ্ঠিত থাকাকালীন ললিত মোদীর বিরুদ্ধে নিলামে অনিয়ম এবং অর্থ পাচারের পাশাপাশি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন, ১৯৯৯ (ফেমা) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। ললিত মোদী মুম্বইয়ে মাত্র একবার আয়কর ও ইডি কর্মকর্তাদের সাথে জিজ্ঞাসাবাদে হাজির হয়েছিলেন। ২০১০ সালের মে মাসে তিনি দেশ ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান।
আইপিএল শুরুর পেছনে ছিলেন ললিত মোদী। আজ এই প্রতিযোগিতা বিশ্ব ক্রীড়াঙ্গনে বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০০৯ সালে ভারতের সাধারণ নির্বাচনের কারণে আইপিএল দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করতে হয়েছিল। ২০১০ সালের আইপিএল ফাইনালের পরপরই পুনে এবং কোচি, দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামে অব্যবস্থাপনা, শৃঙ্খলাভঙ্গ এবং আর্থিক অনিয়মের অভিযোগে ললিত মোদীকে বিসিসিআই থেকে বরখাস্ত করা হয়। ললিত মোদী ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনা এবং অফিস থেকে অননুমোদিত অর্থ স্থানান্তরের অভিযোগ রয়েছে।
❤ Support Us







