Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৬, ২০২৬

কাশ্মীরে সিআরপিএফ ছাউনিতে হামলা যোগ, নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম দুই লস্কর জঙ্গি

আরম্ভ ওয়েব ডেস্ক
কাশ্মীরে সিআরপিএফ ছাউনিতে হামলা যোগ, নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম দুই লস্কর জঙ্গি

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই লস্কর-ই-তইবা (এলইটি) জঙ্গি। সোমবারের সংঘর্ষে নিহত জঙ্গিদের মধ্যে রয়েছেন লস্কর কমান্ডার লতিফ ভাটও। গত ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফের শিবিরে হামলা চালিয়েছিল দুই সশস্ত্র জঙ্গি। সে ঘটনায় আহত হয়েছিলেন তিন সিআরপিএফ জওয়ান। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ওই হামলার সঙ্গে নিহত লতিফের যোগ ছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

পুলিশ সূত্রে খবর, রবিবার থেকেই কুলগামের সংশ্লিষ্ট এলাকায় জঙ্গিদের খোঁজে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে খবর এসেছিল, সিআরপিএফ ছাউনিতে হামলায় জড়িত জঙ্গিরা ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে। এর পরেই সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী ‘স্পেশাল অপারেশন গ্রুপ’ (এসওজি)-কে নিয়ে অভিযান শুরু হয়। এলাকার সমস্ত প্রবেশ ও বেরনোর পথ বন্ধ করে দেওয়া হয়। সোমবার তল্লাশি চলাকালীন নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। তাতেই প্রথমে মৃত্যু হয় লতিফের। অন্য জঙ্গিকে ঘিরে ফেলে বাহিনী।

সূত্রের খবর, কুলগামের বাসিন্দা লতিফ দীর্ঘ দিন ধরেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করত সে। এক জায়গায় বেশিদিন না থেকে বিভিন্ন গোপন ডেরায় আশ্রয় নিত। এ কাজে স্থানীয় একটি নেটওয়ার্ক তাকে সাহায্য করত বলে তদন্তকারীদের অনুমান। চলতি বছর একাধিক জঙ্গি হামলায় তার নাম জড়িয়েছে। গত ২২ জুলাই অনন্তনাগের লাল চক এলাকায় এক পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিল লতিফ। তার পর ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিকদের হত্যার ঘটনাতেও তার নাম উঠে আসে। গত ১১ নভেম্বর মীরবাজারের কাছে সিআরপিএফের একটি শিবিরে আচমকাই হামলা চালায় দুই ভারী অস্ত্রধারী জঙ্গি। তাঁদের ছোড়া গুলিতে আহত হন তিন জওয়ান। তাঁদের মধ্যে এক জনের আঘাত গুরুতর ছিল। হামলার পর জঙ্গিরা সংলগ্ন জঙ্গল এলাকায় পালিয়ে যায়। সে ঘটনার পর থেকেই জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সোমবারের অভিযানকে তাই গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।

তবে কুলগামের হামলার রেশ কাটতে না কাটতেই উপত্যকার অন্য প্রান্তে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ১১ নভেম্বরের হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কিস্তওয়ার জেলায় দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও)-কে খুন করে জঙ্গিরা। নিহত দুই পুলিশকর্মীর নাম বাবি চন্দ এবং যশপাল কুমার। জানা গিয়েছে, জঙ্গিদমন অভিযানে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে যাওয়ার পথেই তাঁদের উপর হামলা চালানো হয়। পরের দিন, ১২ নভেম্বর, কিস্তওয়ারের প্রত্যন্ত দাচ্ছন জঙ্গলে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। পর পর ঘটনায় জম্মু-কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত সপ্তাহের হামলার পর উপত্যকা জুড়ে সতর্কতা বাড়িয়েছে সিআরপিএফ। বাহিনীর স্পেশাল ডিরেক্টর জেনারেল সন্দীপ খিরওয়ার সোমবার জানিয়েছেন, সাম্প্রতিক হামলার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

একই সঙ্গে প্রশ্ন উঠছে, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরেছে বলে কেন্দ্রের তরফে যে দাবি বার বার করা হয়েছে, বাস্তব পরিস্থিতি কি সত্যিই তেমন? পর পর জঙ্গি হামলা এবং নিরাপত্তাবাহিনীর উপর আক্রমণ সেই সরকারি দাবিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও এ নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর যাঁরা উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি করছেন, তাঁরা ভুল করছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!