- এই মুহূর্তে দে । শ
- জুন ১২, ২০২৫
আমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান
গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে ভয়াবহ দুর্ঘটনা ! যাত্রা শুরু করবার মাত্র কয়েক মিনিটের মধ্যে দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১। এদিন দুপুর ১টা ৩৮ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছু সময়ের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। প্রবল বিস্ফোরণ, আগুনের ঝলক আর কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যাত্রীর সংখ্যা ছিল ২৩২ জন, সঙ্গে ১০ জন ক্রু সদস্য। বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পোর্তুগিজ নাগরিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিমানটি বেশি উচ্চতায় উঠতে পারেনি, ফলে তা দ্রুত নিচে চলে আসে, এরপর আবাসিক এলাকায় ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীদের কারোরই বাঁচার সম্ভবনা প্রায় নেই ।
দুর্ঘটনার মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যায় বিমানটি সজোরে মাটির দিকে ধেয়ে আসছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। জানা যাচ্ছে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই পাইলটরা ‘মে-ডে’ সংকেত পাঠান, তবে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-এর তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। ‘মে-ডে’ সংকেত সাধারণত বিমানে বিপদের মুহূর্তে পাঠানো হয়, যা পৃথিবীজুড়ে বিমানের জরুরি অবস্থার সংকেত হিসেবে ব্যবহৃত হয়। যা নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে। শুধু বিদেশগামী সাধারণ ভারতীয় বা অন্য দেশের নাগগিরকই নয়, অভিশপ্ত এই ফ্লাইটে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তিনি লন্ডন যাচ্ছিলেন। তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো তার উপস্থিতি নিশ্চিত করা হয়নি। ঘটনা তদন্তের পরই তাঁর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। যদিও ফ্লাইটের যাত্রীদের মধ্যে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।
শেষ পাওয়া খবর পর্যন্ত উদ্ধারকর্মী ও দমকলবাহিনী সর্বশক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ার পর, হস্টেলের একাংশে আগুন লেগে যায়। ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একাধিক দমকল ইঞ্জিন, পুলিশ এবং উদ্ধারকারী দলের সদস্যরা সহায়তায় উপস্থিত থাকলেও, পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক, এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা সকল যাত্রী ও বিমানকর্মীর নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দুর্ঘটনার কারণ জানার জন্য পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা পূর্ণ সহযোগিতা করছি।’ আরো জানানো হয়েছে, ফ্লাইটের সঠিক অবস্থা আর যাত্রীদের সম্পর্কে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই তাদের ওয়েবসাইট, অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হবে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে, দুর্ঘটনা সর্ম্পকে পূর্ণাঙ্গ তদন্ত চলছে, বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারে কাজও শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের জন্য হেল্পলাইন নম্বর ১৮০০-৫৬৯১-৪৪৪ চালু করেছে তারা। এর মাধ্যমে যাত্রীদের সম্পর্কে বিস্তারিত তথ্য, উদ্ধারকাজ সম্পর্কিত যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
আকস্মিক এই দুর্ঘটনায় গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল শোক প্রকাশ করেছেন। দ্রুত উদ্ধারকাজে তৎপরতা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমি প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত আহতদের চিকিৎসা করার নির্দেশ দিয়েছি। আহতদের হাসপাতালে স্থানান্তরিত করার জন্য গ্রিন করিডর তৈরি করা হয়েছে’ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবহনমন্ত্রীকে দ্রুত আমেদাবাদ পৌঁছে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দিয়েছেন। গুজরাটের ভূমিপুত্র অমিত শাহও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে খবর। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি লিখেছেন, ‘আকস্মিক এই ঘটনায় মর্মাহত। এটি অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তবে আমি প্রার্থনা করছি যাতে সকলেই জীবিত থাকেন।’
❤ Support Us






