Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২০, ২০২৫

ঘন কুয়াশায় ব্যাহত প্রধানমন্ত্রীর সফর, বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভায় যোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘন কুয়াশায় ব্যাহত প্রধানমন্ত্রীর সফর, বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভায় যোগ

ঘন কুয়াশার কারণে রানাঘাটে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপ্টার। শনিবার সকালে তাহেরপুরে মতুয়াগড়ে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেন প্রধানমন্ত্রী। কিন্তু রানাঘাট এলাকায় দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে কপ্টার নামানো সম্ভব হয়নি। ফলে প্রধানমন্ত্রীর কপ্টারটি ফের কলকাতা বিমানবন্দরে ফিরে আসে।

প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থেকেই ভাষণ দেবেন । সেখানেই উচ্চপর্যায়ের একটি বৈঠক চলছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সড়কপথে তাহেরপুর যাবেন নাকি ভার্চুয়াল মাধ্যমে সভায় যোগ দেবেন—এই দুই বিকল্প নিয়েই আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাহেরপুরের সভাস্থলে ভিড় ক্রমশ বাড়ছে। সেখানে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। শনিবার মতুয়াগড় তাহেরপুরে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি থাকার কথা—একটি সরকারি অনুষ্ঠান এবং অন্যটি রাজনৈতিক সভা।

উল্লেখযোগ্যভাবে, এসআইআরে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় একাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে নতুন করে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সভা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মতুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের।

শনিবার সকাল থেকেই শীতের আমেজ বজায় রয়েছে। বেলা বাড়লেও কুয়াশার দাপট কমেনি। ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় রানাঘাট এলাকা, দৃশ্যমানতা নেমে যায় অনেকটাই। নিরাপত্তার কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত কলকাতায় ফিরে আসে প্রধানমন্ত্রীর কপ্টার।

এই প্রসঙ্গে সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, খারাপ আবহাওয়ার কারণেই প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে ফিরে গিয়েছেন এবং সেখানেই অপেক্ষা করছেন। সভাস্থলে উপস্থিত মানুষের উদ্দেশে তিনি আশ্বাস দেন, নিশ্চিতভাবেই তাঁরা প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাবেন।

অন্যদিকে, প্রটোকল মেনে ফের একবার কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেও জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!