- দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
সাড়ে ৩ লক্ষ টাকায় সদ্যোজাতকে বিক্রির চেষ্টা ! ২৪ দিন পর গ্রেফতার চিকিৎসক দম্পতি
সদ্যোজাতকে সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রির করার চেষ্টার অভিযোগ। মামলা দায়ের হতেই ২৪ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন চিকিৎসক দম্পতি। শেষরক্ষা হলো না। বুধবার রাতে মহারাষ্ট্রের অমরাবতীর সাইনগর-আকোলি এলাকা থেকে গ্রেফতার করা হলো চিকিৎসক বৈশালী ভোজনে এবং তাঁর স্বামী প্রফুল্ল ভোজনেকে। পুলিশ জানিয়েছে, আইনজীবীর সঙ্গে দেখা করতে ও একটি হলফনামা তৈরি করাতে ওই এলাকায় আসার কথা ছিল তাঁদের। খবর পেয়েই ফাঁদ পাতে ফ্রেজারপুরা থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন দু-জনেই। ধৃতদের বিরুদ্ধে মানবপাচার, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পকসো আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে হাজির করানোর কথা।
তদন্তকারীদের দাবি, বৈশালীর মাতৃসদনেই গত ১৫ অক্টোবর এক ১৭ বছর বয়সি নাবালিকার সন্তান প্রসব করানো হয়েছিল। অথচ প্রসবের খবর পুলিশ কিংবা সংশ্লিষ্ট সরকারি দফতরকে জানানো হয়নি। চিকিৎসার অজুহাতে সদ্যোজাতকে হাসপাতালেই রেখে দেওয়া হয়। অভিযোগ, এর পরেই শিশুটিকে সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রির চেষ্টা করেন চিকিৎসক দম্পতি। ঘটনার কথা জানাজানি হতেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে হাসপাতালটি সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক কিশোরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়েটি। পরে তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন পরিবারের লোকজন। তাঁরা তাকে চিকিৎসার জন্য বৈশালী ভোজনের হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা করে জানা যায়, নাবালিকা প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার পর থেকে প্রসব পর্যন্ত ওই হাসপাতালেই চলেছিল চিকিৎসা। গত ১৫ অক্টোবর সেখানে সন্তানের জন্ম দেয় সে। কিন্তু সন্তানের জন্মের পরেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয় বলে অভিযোগ। সদ্যোজাতকে কার হেফাজতে রাখা হবে, তার ভবিষ্যৎ কী — এ সব প্রশ্ন ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, শিশুটিকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সাড়ে তিন লক্ষ টাকার একটি লেনদেনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ সংক্রান্ত কথোপকথনের একটি অডিয়ো রেকর্ডিংও হাতে এসেছে বলে দাবি তদন্তকারীদের। তাতে সদ্যোজাতকে বিক্রির বিষয়ে আলোচনা ধরা পড়েছে। সে সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
স্থানীয় রাজনৈতিক কর্মী বর্ষা ভোয়ার এবং কোমল বাদরে এ বিষয়ে অভিযোগ জানান বলে জানা গিয়েছে। বর্ষার দাবি, কথিত লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আনতে গোপন অভিযান চালানো হয়েছিল। সে অভিযানের সূত্রেই শিশুটিকে বিক্রির প্রস্তাব সংক্রান্ত অডিয়ো রেকর্ডিং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ওই রেকর্ডিংয়ের সত্যতা, তার সঙ্গে অভিযুক্তদের যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, গত ১৮ অক্টোবর এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন বৈশালী ও তাঁর স্বামী। এর আগে চিকিৎসক ময়ূর ধান্দগেকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, তিনিই অন্তঃসত্ত্বা নাবালিকাকে বৈশালীর হাসপাতালে পাঠিয়েছিলেন। নাবালিকার গর্ভাবস্থার বিষয়টি পুলিশকে না জানানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ধান্দগের গ্রেফতারির পরেই গা-ঢাকা দেন ভোজনে দম্পতি। তদন্তকারীদের অনুমান, সে সময় থেকেই নিজেদের ডেরা বারবার বদল করছিলেন তাঁরা।
২১ অক্টোবর রাজ্যের স্বাস্থ্য দফতর ও পুলিশ যৌথ ভাবে বৈশালীর হাসপাতাল ও বাড়ি সিল করে দেয়। বাজেয়াপ্ত করা হয় হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার, রোগীদের নথিপত্র এবং বিভিন্ন ডিজিটাল তথ্য। নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে হাসপাতালে ভর্তি, চিকিৎসা, প্রসব এবং তার পর সদ্যোজাতকে বিক্রির কথিত চেষ্টা — ঘটনার প্রতিটি পর্যায়ের মধ্যে যোগসূত্র খুঁজে দেখছেন তদন্তকারীরা। হাসপাতালের নথিতে প্রসবের উল্লেখ রয়েছে কি না, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে কোনও তথ্য জানানো হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আত্মীয় কিংবা পরিচিতদের বাড়িতে আশ্রয় নেননি অভিযুক্ত দম্পতি। বরং বার বার জায়গা বদল করে বেড়াচ্ছিলেন তাঁরা। এই সময় পন্ধরপুর-সহ একাধিক ধর্মীয় স্থানেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আগাম জামিনের আবেদনও করেছিলেন। আগামী ১৭ নভেম্বর সে আবেদনের শুনানির দিন ধার্য হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
তবে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রেখেছিলেন তদন্তকারীরা। বুধবার রাতে ফ্রেজারপুরা থানার ডিটেকশন ব্রাঞ্চের প্রধানের কাছে খবর আসে, হলফনামা তৈরি করাতে সাইনগর এলাকায় আসতে পারেন চিকিৎসক দম্পতি। গোপন খবরের ভিত্তিতেই এলাকায় নজরদারি বাড়ানো হয়। শেষ পর্যন্ত পুলিশের পাতা ফাঁদে পা দেন দু-জনেই। অমরাবতীর পুলিশ কমিশনার রাকেশ ওলা এবং ডেপুটি কমিশনার প্রাঞ্জলি সোনাওয়ানের তত্ত্বাবধানে অভিযানটি চালানো হয়। সদ্যোজাতকে বিক্রির অভিযোগ ঘিরে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। কথিত আর্থিক লেনদেনের পিছনে কারা ছিলেন, শিশুটিকে কোথায় পাঠানোর পরিকল্পনা হয়েছিল এবং হাসপাতালের ভিতরে বা বাইরে কোনো চক্র সক্রিয় ছিল কি না, সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আপাতত ধৃত চিকিৎসক দম্পতিকে জেরা করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চলছে।
❤ Support Us





