- দে । শ
- মার্চ ২, ২০২৬
এসআইআর ইস্যুতে ৬ মার্চ ধর্মতলায় ধরনায় মমতা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ অভিষেকের
এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে আগামী ৬ মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত বছরের ২৭ অক্টোবর রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করে আসছিলেন মমতা ও অভিষেক। তাঁদের দাবি, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এরই মধ্যে গত ৪ নভেম্বর দক্ষিণ কলকাতায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে মহামিছিলও করেন মমতা।
এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে দিল্লিতেও পৌঁছায়। একাধিকবার চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর সঙ্গে বৈঠক করেন মমতা ও অভিষেক। সাধারণ মানুষের এসআইআর-জনিত ‘যন্ত্রণা’র কথা তুলে ধরতে সুপ্রিম কোর্টেও নিজে দাঁড়িয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
তৃণমূলের অভিযোগ, ভোটমুখী বাংলায় প্রায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, এসআইআর তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ার নেপথ্যে বিজেপির বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা কাজ করেছে।
অভিষেক বলেন, “এইভাবে এত বিধানসভার মানুষের নাম অ্যাডজুডিকেশন লিস্টে থাকলে সেখানে ভোট হলেও তা অমীমাংসিত থেকে যাবে।” মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বেশি চালাকি করতে যাবেন না। আপনাকে চ্যালেঞ্জ করছি, আমার নামে মামলা করুন। আমি তাহলে মামলা লড়ার সুযোগ পাব এবং ধরে ধরে মুখোশ খুলব। যাঁদের অ্যাজুডিকেশন করেছেন, তাঁরাই ছয় মাসের মধ্যে আপনাদের বিচারাধীন করবে।”
এদিকে, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ফর্ম ৬ জমা দেওয়ার পরামর্শ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে আন্দোলন যে আরও জোরদার হতে চলেছে, তা স্পষ্ট করে দিয়েছে শাসকদল।
❤ Support Us






