Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৪, ২০২৬

প্রতারণার অভিযোগে গ্রেপ্তারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মানস ভুঁইঞা

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতারণার অভিযোগে গ্রেপ্তারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মানস ভুঁইঞা

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এবার আইনি চাপে প্রাক্তন সেচমন্ত্রী ডা. মানস রঞ্জন ভুঁইঞা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর বিরুদ্ধে নোটিস জারি করেছে। গ্রেপ্তারির আশঙ্কা থেকে রক্ষাকবচের আবেদন জানিয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগকারী বিকাশ কুমার টুং, যিনি পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগে দাবি করা হয়েছে, তৎকালীন মন্ত্রী মানস ভুঁইঞার মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স এবং ভোলানাথ নামে কয়েকজনের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ১ মার্চ ‘CISB Services Private Limited’-এর অধীনে STEWARD পদে তেমাথানির সেচ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। তাঁর ওয়ার্কম্যান রেজিস্টার নম্বর ছিল CISB/WB-46। পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর তিনি নিয়মিত দায়িত্ব পালন করলেও মাত্র দু’মাসের মাথায়, গত ৬ মে তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল করা হয়েছে। অভিযোগ, চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছিল।
এই অভিযোগের ভিত্তিতে সবং থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করেছে। তদন্তের স্বার্থে প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইঞাকে নোটিসও পাঠানো হয়।

এরপর তিনি মেদিনীপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে মামলার শুনানি স্থগিত হয়ে যাওয়ায় তিনি এবার কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হয়েছেন এবং গ্রেপ্তারি থেকে সুরক্ষার আবেদন জানিয়েছেন।

যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন মানস ভুঁইঞা। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ প্রসঙ্গে তিনি বলেন, “৫৬ বছরের রাজনৈতিক জীবনে, সিপিএমের ৩৪ বছরের শাসনকাল থেকে তৃণমূলের দীর্ঘ সময়ের সরকার—কখনও আমার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। আমরা সবসময় মানুষের জন্য কাজ করেছি এবং মানুষের উপকার করেছি।”


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!