- দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
রোগ নির্মূলের নামে গয়না, নগদ হাতিয়ে গ্রেফতার মাতাজি
নিরাময় হবে যাবতীয় রোগ। তারজন্য মঙ্গলঘট স্থাপন করতে হবে। এই টোপ দিয়ে কালনার ৩ গৃহবধূর কাছ থেকে সোনাদানা হাতিয়ে চম্পট দেন ‘মাতাজি’। অবশ্য শেষরক্ষা হয়নি। অভিযোগ পেয়ে প্রতারক মাতাজিকে পাকড়াও করল পুলিশ। মাতাজি নামে পরিচিত শিখারানি দাস নামে ওই মহিলা পূর্বস্থলীর পারুলিয়ার বাসিন্দা। তাকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মাতাজির এক সাগরেদকে খুঁজছে পুলিশ।
পুলিশ ও এলাকা সূত্রের খবর, মাসখানেক আগে কালনার শ্রীরামপুর আশ্রমপাড়ার বধূ পুতুল রায়ের সঙ্গে পরিচয় হয় মাতাজির। পুতুলের পরিবারে বছরভর রোগভোগ লেগেই আছে। মাতাজি আশ্বাস দেন, তার চেনা এক বাবাজি এর থেকেও অনেক রোগব্যাধি নির্মূল করেছেন। মাতাজির কথায় বিশ্বাস করেন পুতুল। গত ১৭ জানুয়ারি পুতুলের বাড়িতে বাবাজিকে সঙ্গে নিয়ে এসে ওই মাতাজি রোগ সারানোর প্রক্রিয়া শুরু করেন। রোগ সারাতে হাজির হন পাড়ার আরও ২ বধূ। ঠিক হয়, ৩ জনকে ১৫ হাজার টাকা করে লাগবে। রোগমুক্তির ঘটে সোনা, রুপো ও তামা দিতে হবে। সেইমতো ৩ বধূ নিজেদের সোনার কানের দুল, আংটি, রুপোর গহনা ও তামা ঘটের মধ্যে রাখেন। ঘটটির মধ্যে তুলসী, হরিতকি ভরে কাপড় দিয়ে বেঁধে দেন মাতাজি ও বাবাজি। পুজো সেরে তিনজনের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে চলে যাওয়ার সময় তারা বলে যান, ১৫ দিন বাদে ঘটটি খুলতে হবে। তারপর থেকে সংসার থেকে তামাম রোগ নির্মূল হবে। তার আগে ঘট খুললেই সর্বনাশ। ১৫ দিন বাদে ঘটের কাপড় খুলে দেখা যায়, সেগুলিতে সোনাদানা কিছুই নেই। শুধু সুপারি আর হরিতকি পড়ে রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবেশীদের পরামর্শে পুলিশের দ্বারস্থ হন পুতুলদেবী।
❤ Support Us





