- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩, ২০২৬
ভোটের মুখে ঘাসফুল ছেড়ে হাত ধরলেন মৌসম নুর
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন মৌসম বেনজির নুর। তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম। শনিবার দিল্লিতে ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজের পুরোনো দলে প্রত্যাবর্তন করেন তিনি।
মৌসমের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদা উত্তরের কংগ্রেস সাংসদ তথা তাঁর দাদা ইশা খান চৌধুরী। যোগদানের পর দিল্লি থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেন, “এটা ট্রেলার দেখলেন। এত দিন আমরা জানালা খুলে রেখেছিলাম, এ বার দরজাও খুলে দিলাম।”
যদিও মৌসমের প্রত্যাবর্তনে আদৌ কংগ্রেস কতটা লাভবান হবে, তা সময়ই বলবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে, দলে ফেরার পর মৌসম স্পষ্ট করে জানান, বাংলায় কংগ্রেসের প্রধান বিরোধী শক্তি বিজেপি। তাঁর কথায়, “বাংলায় পরিবর্তন প্রয়োজন। আমাকে দিয়েই সেই পরিবর্তন শুরু হোক, এটাই আমি চাই।”
মৌসমের ফেরায় পরিবারে তৈরি হওয়া পুরোনো বিভাজনের অবসান হয়েছে বলেও দাবি করেন তাঁর দাদা ইশা খান চৌধুরী। তিনি বলেন, “ওঁর রক্তে কংগ্রেস। অন্য দলে যোগদানের ফলে পরিবারের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল, আজ তা ঘুচে গেল।”
উল্লেখ্য, ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন মৌসম নুর। ২০১৪ সালেও কংগ্রেস প্রার্থী হিসেবেই তিনি ফের জয় পান। গনি খান চৌধুরীর পরিবারের সদস্য হওয়ার সুবাদে রাজনীতিতে কিছুটা বাড়তি সুবিধা পেয়েছিলেন তিনি—এমন দাবি রাজনৈতিক মহলের। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে হঠাৎই দলবদলের সিদ্ধান্ত নেন মৌসম। ওই বছরের ২৮ জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী করলেও বিজেপির খগেন মুর্মুর কাছে পরাজিত হন মৌসম। যদিও পরে তাঁকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে আর প্রার্থী করেনি। স্থানীয় রাজনৈতিক মহলে শোনা যায়, দলের এই সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না। সে সময় মৌসম নিজেও দাবি করেছিলেন, তাঁকে প্রার্থী করা হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন।
ছ’বছর পরে, ফের ভোটের আগে কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন মৌসম নুর। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে তাঁকে লড়তে দেখা যেতে পারে। দলে ফেরার অনুভূতি প্রকাশ করে মৌসম বলেন, “ছ’বছর পরে কংগ্রেস অফিসে ফিরে এসেছি। খুব ভালো লাগছে। কংগ্রেস আমাকে পরিবারের সদস্যের মতো গ্রহণ করেছে এবং ফিরিয়ে নিয়েছে—এর জন্য আমি কৃতজ্ঞ।”
❤ Support Us







