Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৮, ২০২৫

‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত ৫ লক্ষের বেশি ওয়াকফ সম্পত্তি, সর্বোচ্চ উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে কত ?

আরম্ভ ওয়েব ডেস্ক
‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত ৫ লক্ষের বেশি ওয়াকফ সম্পত্তি, সর্বোচ্চ উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে কত ?

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ৫ লাখ ১৭ হাজার ৪০টি ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২ লক্ষ ১৬ হাজার ৯০৫টি সম্পত্তি অনুমোদন পেয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, এখনও ২ লক্ষ ১৩ হাজার ৯৪১টি সম্পত্তি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আর ১০ হাজার ৮৬৯টি আবেদন যাচাইয়ের পর বাতিল করা হয়েছে।

রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে (৯২,৮৩০টি সুন্নি এবং ৬,৪৮৫টি শিয়া), এরপর রয়েছে মহারাষ্ট্র (৬২,৯৩৯টি), কর্নাটক (৫৮,৩২৮টি) এবং পশ্চিমবঙ্গ (২৩,০৮৬টি)।

সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র ৬ জুন ‘উমিদ’ পোর্টাল চালু করে। ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, যা ৬ ডিসেম্বর শেষ হয়। মন্ত্রী কিরেন রিজিজু মনে করিয়ে দেন, এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।

কেন্দ্র জানিয়েছে, পোর্টালে তথ্য সঠিকভাবে নথিভুক্ত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সাতটি আঞ্চলিক বৈঠক এবং বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় ২৮৮ ভোটের মাধ্যমে পাশ হয় এবং রাজ্যসভায় ১২৮ জন সাংসদ এই বিলের পক্ষে ভোট দেন। এরপর এটি রাষ্ট্রপতি অনুমোদনের পর আইনে পরিণত হয়। সুপ্রিম কোর্ট বিলের দুই ধারা স্থগিত রেখেছে। প্রথম ধারা অনুযায়ী, সম্পত্তি ওয়াকফ না সরকারি তা জেলাশাসক ঠিক করতে পারবে, যা আদালত বাতিল করেছে। দ্বিতীয় ধারা অনুযায়ী, ওয়াকফ দাতাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করার প্রমাণ দিতে হবে, যা কার্যকর হওয়ার নিয়ম এখনও তৈরি হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!