- দে । শ
- জানুয়ারি ১৭, ২০২৫
গঙ্গা ভাঙন পরিদর্শনে বলাগড়ে কেন্দ্রীয় টিম । অঞ্চলে কাজের খতিয়ান চাইলেন সাংসদ রচনা, ২৪ ঘন্টার মধ্যে তথ্য পেশের কথা জানালেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী
গঙ্গার ভাঙন পরিদর্শনে, বৃহস্পতিবার হুগলির বলাগড়ে গিয়েছিলেন গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের সদস্যরা । সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায় । উপস্থিত ছিলেন জেলার এবং রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিকরাও । গোটা দিন ধরেই বিভিন্ন অঞ্চলে গঙ্গার ভাঙন পরিদর্শন করে কেন্দ্রীয় টিম । যদিও গোটা দিনের সেই কর্মসূচিতে দেখা যায়নি, অঞ্চলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে । আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ।
বলাগড় অঞ্চলে গঙ্গার ভাঙন নিয়ে উদ্বিগ্ন নদী তীরবর্তী এলাকার মানুষ। সাংসদ রচনা বন্দোপাধ্যায়, সরকারি আধিকারীকদের সঙ্গে গোটা দিন ধরে ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখলেও, এদিন বিধায়ককে দেখা যায়নি । এপ্রসঙ্গে পরে সংবাদমাধ্যমে উষ্মা প্রকাশ করে সাংসদ বলেন, বিধায়ককে অঞ্চলে দেখা যায় না বলে অভিযোগ এসেছে তাঁর কাছে । কোনো দলীয় অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকেন না । উনি আজ এলে খুশি হতাম।
এবিষয়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সংবাদমাধ্যমে বলেছেন, কমিশন সদস্যদের গঙ্গা ভাঙন পরিদর্শন নিয়ে তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি । বিধায়কের অভিমান শুনে বিকেলে নিজের দফতরে তাঁকে ডেকে পাঠান তৃণমূল সাংসদ । অঞ্চলের গঙ্গা ভাঙন রোধে এপর্যন্ত কী কী কাজ হয়েছে, কত খরচ হয়েছে সে নিয়েও জিজ্ঞাসাবাদ করেন তিনি । সাংসদের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই বিধানসভা ক্ষেত্র ৫০ মাইল লম্বা, ৩৫ মাইল চওড়া একটা বিশাল এলাকা । অঞ্চলের যে কোনো সমস্যায়, ডাক পেলেই তিনি ছুটে যান । সমাধানের চেষ্টা করেন । চাদরা অঞ্চলের এই পরিদর্শন নিয়ে তাঁকে অঞ্চলের কেউ আগে থেকে কিছু বলেননি । বিধাকয়কের কথায়, ‘তাঁর যদি আমাকে না জানিয়ে, সাংসদের কাছে ক্ষোভ উগড়ে দেন, সেক্ষেত্রে আমার কিছু করার নেই । সাংসদ আজ কাজের খতিয়ান চেয়েছেন । আমরা ২৪ ঘন্টা সময় চেয়েছি ওনার কাছে । আমরা সব তথ্য পৌঁছে দেব ।’ এরপরই তিনি বলেন, ‘আজকের পরিদর্শন নিয়ে সাংসদ আমাকে একটা ফোন করলেই চলে আসতাম । ওঁনার একটা ফোনের অপেক্ষায় ছিলাম । ‘ তাঁর আরও সংযোজন, ‘ আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, আমি তাই করছি । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মান নেই, সম্মানও নেই । অভিমানতো দূরের কথা ।’ তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাংসদ দিল্লিতে গঙ্গার ভাঙন নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি তার বহু আগেই বিধানসভা অধিবেশনে একথা বলেছেন ।
পরে সাংসদ রচনা বন্দোপাধ্যায় বলেন, ভবিষ্যতে দলীয় কাজে যাতে কোনো বিবাদ তৈরি না হয়, ভুল বোঝাবুছি না থাকে, সেই নিয়েই বিধায়কের সঙ্গে কথা হয়েছে ।
❤ Support Us






