Advertisement
  • দে । শ
  • জুন ২৭, ২০২৬

বাংলা-অসম-ত্রিপুরায় জেএমবি নেটওয়ার্ক বিস্তারের ষড়যন্ত্র । ১১ জনের বিরুদ্ধে এনআইএ চার্জশিট

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা-অসম-ত্রিপুরায় জেএমবি নেটওয়ার্ক বিস্তারের ষড়যন্ত্র । ১১ জনের বিরুদ্ধে এনআইএ চার্জশিট

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখা সংগঠনের মাধ্যমে বাংলা-অসম-ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনার অভিযোগে বড় ষড়যন্ত্র ফাঁসের দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই ঘটনায় ‘অপারেশন প্রঘাতে’ গ্রেপ্তার হওয়া ১১ জন সন্দেহভাজনের বিরুদ্ধে গুয়াহাটির এনআইএ বিশেষ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) ১৯৬৭-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
তদন্তে এনআইএ দাবি করেছে, অভিযুক্তরা ‘ইমাম মাহমুদের কাফিলা’ (আইএমকে) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, যা জেএমবির শীর্ষ নেতৃত্বের নির্দেশে ভারতে সংগঠনটির কার্যকলাপ বিস্তারের উদ্দেশ্যে গড়ে তোলা হয়। সংস্থার মতে, এই সংগঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে জেএমবির উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
এনআইএ আরও জানিয়েছে, অভিযুক্তদের লক্ষ্য ছিল সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল এবং সহজে প্রভাবিত হতে পারে এমন যুবকদের উগ্রপন্থার দিকে টেনে আনা, সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি করা এবং ভারতবিরোধী প্রচার চালানো। এ কাজে তারা গোপন বৈঠক আয়োজন, ধর্মীয় মতাদর্শের নামে উগ্রপন্থা প্রচার, জঙ্গিবাদী সাহিত্য বিতরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহের মতো কার্যক্রম চালাত বলে অভিযোগ রয়েছে।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা জেএমবি ও আইএমকে নেতৃত্বের প্রতি আনুগত্য গড়ে তোলার কাজেও সক্রিয় ছিল। চার্জশিটে নাসিমুদ্দিনকে আসামে আইএমকে-র কার্যক্রম পরিচালনার প্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং জগীর মিয়াকে ত্রিপুরায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকার অভিযোগ আনা হয়েছে।
তদন্ত চলাকালীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং ডিজিটাল তথ্য উদ্ধার করেছে এনআইএ। সংস্থার দাবি, এসব নথিতে অভিযুক্তদের জঙ্গি ষড়যন্ত্র, সদস্য সংগ্রহ এবং উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!