- দে । শ
- জুলাই ১৩, ২০২৬
ভোটার তালিকায় নাম তুলতে বড় বদল, অনলাইন ফর্ম-৬-এ জারি নির্বাচন কমিশনের নতুন নিয়ম
নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এবার থেকে অনলাইনে ফর্ম-৬ পূরণের সময় আবেদনকারীকে নিজের অথবা বাবা-মা কিংবা পূর্বপুরুষদের SIR (Special Intensive Revision)-এর ভোটার তালিকা সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই তথ্য ছাড়া অনলাইনে নতুন ভোটার হিসেবে আবেদন জমা দেওয়া যাবে না।
প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে ইচ্ছুক নাগরিক, সদ্য ১৮ বছর পূর্ণ হওয়া ভোটার এবং যাঁদের নাম আগে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল, তাঁদের নতুন করে নাম নথিভুক্তির জন্য ফর্ম-৬ ব্যবহার করতে হবে। যদিও এই ফর্মে আনুষ্ঠানিক সংশোধন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন, তবে অনলাইন আবেদন প্রক্রিয়ায় নতুন তথ্য যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ECINet পোর্টালে অনলাইন ফর্ম-৬ পূরণের সময় আবেদনকারীকে জানাতে হবে, SIR-এর ভোটার তালিকায় তাঁর নিজের নাম ছিল কি না, অথবা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিল কি না।
আবেদনকারীর সামনে তিনটি বিকল্প থাকবে। প্রথম বিকল্পে নিজের নাম SIR-এর ভোটার তালিকায় থাকার তথ্য, দ্বিতীয় বিকল্পে বাবা-মা বা পূর্বপুরুষের নাম থাকার তথ্য এবং যদি এই দুই ক্ষেত্রের কোনওটিই প্রযোজ্য না হয়, তবে তৃতীয় বিকল্পটি বেছে নেওয়া যাবে।
প্রথম বা দ্বিতীয় বিকল্প নির্বাচন করলে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বর এবং ভোটার তালিকায় ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। তবে তৃতীয় বিকল্পটি বেছে নিলে আবেদন প্রক্রিয়ায় তার কী প্রভাব পড়বে, সে বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
বর্তমান নিয়ম অনুযায়ী, ফর্ম-৬-এ আবেদনকারীর সঙ্গে পরিবারের সদস্যদের নাম এবং তাঁদের EPIC নম্বর দেওয়া বাধ্যতামূলক। নতুন ব্যবস্থায় সেই তথ্যের পাশাপাশি আবেদনকারীর পরিচয় যাচাইয়ের জন্য আগের SIR ভোটার তালিকার তথ্যও মিলিয়ে দেখা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারে Special Intensive Revision (SIR) কর্মসূচি চালুর সময় প্রথম এই ব্যবস্থা চালু করা হয়েছিল। পরে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হয়েছে বা বর্তমানে চলছে, সেখানেও একই নিয়ম কার্যকর করা হয়েছে। কমিশনের দাবি, এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভোটারদের পরিচয় যাচাই আরও নির্ভুল ও সহজ হবে।
❤ Support Us







