- দে । শ
- নভেম্বর ৯, ২০২২
নীরব মোদির আবেদন খারিজ, প্রত্যার্পনে সায় ব্রিটেনের আদালতের
ভারতে প্রত্যার্পন আটকাতে মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে ব্রিটেনের হাইকোর্টে আবেদন করেছিলেন নীরব মোদি। তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটেনের আদালত। বুধবার এই মামলার রায় দিতে গিয়ে ব্রিটেনের হাইকোর্ট জানিয়েছে, নীরব মোদির মানসিক অবস্থা এবং আত্মহত্যার ঝুঁকি এমন নয় যে, তাঁকে ভারতের হাতে হস্তান্তর করা অন্যায্য হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ কেলেঙ্কারি মামলায় ১১ হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেই নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের আদালত।
বর্তমানে তিনি দক্ষিণ–পূর্ব লন্ডনের ওয়্যান্ডসওয়ার্থ জেলে রয়েছেন নীরব মোদি। দীর্ঘদিন ধরেই তাঁকে ভারতে প্রত্যার্পন করার চেষ্টা চলছে। কিন্তু সেই প্রত্যার্পন আটকানোর জন্য ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করেন। ওয়েস্টমিনাস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট প্রত্যার্পনের পক্ষে রায় দেন। তারপর তাঁকে উচ্চ আদালতে আবেদনের অনুমতি দেওয়া হয়েছিল। বুধবার নীরব মোদির সেই আবেদনও খারিজ হয়ে গেল। ফলে তাঁকে ভারতে প্রত্যার্পনে আর বাধা রইল না।
ব্রিটেনের হাইকোর্ট এই হীরে ব্যবসায়ীর আবেদন খারিজ করে দিলেও এখনও তাঁর সামনে সুযোগ আছে। ১৪ দিনের মধ্যে তিনি ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। তবে তাঁকে বেশকিছু শর্ত মানতে হবে।
❤ Support Us






