Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১১, ২০২৫

সভাপতি নাড্ডার অনুমোদন ছাড়া নেপাল প্রসঙ্গে মুখ খোলা চলবে না, নেতাদের কড়া বার্তা বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
সভাপতি নাড্ডার অনুমোদন ছাড়া নেপাল প্রসঙ্গে মুখ খোলা চলবে না, নেতাদের কড়া বার্তা বিজেপির

নেপালে টালমাটাল পরিস্থিতির মধ্যে দলের সর্বস্তরের নেতাদের মুখে তালা বসাল বিজেপি। স্পষ্ট নির্দেশ গিয়েছে, নেপাল নিয়ে কোনো মন্তব্য নয়। কোনো মন্ত্রী, সাংসদ, মুখপাত্র, নেতাকর্মী কিংবা দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল টিম—কেউ নেপাল প্রসঙ্গে একটি শব্দও বলবে না। এ বিষয়ে যদি কিছু বলতেই হয়, তবে সরাসরি অনুমোদন নিতে হবে বিজেপি সভাপতি জে.পি. নাড্ডার কাছ থেকে।

নির্দেশিকার কড়াকড়ি বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলির নেতাদের জন্য। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি—এ সব জায়গার নেতাদের আলাদা করে সতর্ক করা হয়েছে। দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘নেপালের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলে তার পরিণতি মারাত্মক হতে পারে।’ বিতর্কের সূত্রপাত বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মন্তব্য থেকে। বুধবার তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘সবই কংগ্রেসের দোষ। ওরা দেশগুলোকে আলাদা রেখেছে বলেই আজ নেপালে অরাজকতা চলছে। নেপাল যদি ভারতের অংশ হতো, তবে সেখানে শান্তিশৃঙ্খলা বজায় থাকত।’ তাঁর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক তোলপাড়।

নেপালের রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নিয়েছে। আর্থিক বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু। শেষমেশ মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামরিক শাসন জারি করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সেনা। অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবে সে নিয়ে আন্দোলনকারীদের মধ্যে চলছে দড়ি টানাটানি। প্রতিবেশি দেশে এরকম পরিস্থিতিতে কূটনৈতিক স্তরে সাবধানী হতে চাইছে নয়াদিল্লি। এখনো পর্যন্ত অত্যন্ত সংযত সুরেই প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্র সরকার। নেপালে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে নেপাল সেনার সাহায্য নিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘নেপালের ঘটনাপ্রবাহে আমরা নিবিড়ভাবে নজর রাখছি। বহু তরুণ প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। আমরা আশা করি, সমস্ত পক্ষ সংযম দেখাবেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!