Advertisement
  • বৈষয়িক
  • ডিসেম্বর ২৮, ২০২৩

বকেয়া জিএসটি, ৪০১ কোটি টাকার নোটিস জোমাটোকে

আরম্ভ ওয়েব ডেস্ক
বকেয়া জিএসটি, ৪০১ কোটি টাকার নোটিস জোমাটোকে

বিপুল পরিমান জিএসটি বাকির জন্য ফুড ডেলিভারি সংস্থা জোমাটোকে (‌Zomato)‌ নোটিশ পাঠিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স (ডিজিজিআই)। ডিজিজিআই–য়ের দাবি ৪০১.‌৭ কোটি টাকা জিএসটি বাকি রয়েছে জোমাটোর। জোমাটো কর দিতে স্বীকার করে পাল্টা জবাব দিয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স জোমাটো ও সুইগিকে পাঠানো নোটিশে জানিয়েছিল ডেলিভারি চার্জ পরিষেবা বিভাগের অধীনে পড়ে এবং সংস্থাগুলি ১৮ শতাংশ জিএসটি দিতে দায়বদ্ধ। কেন জিএসটি দেয়নি, সেই ব্যাপারে জানতে চেয়েছিল ডিজিজিআই। শোকজের জবাবে জোমাটো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনও কর দিতে দায়বদ্ধ নয়।

জোমাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌অংশীদারদের পক্ষ থেকে কোম্পানির মাধ্যমে ডেলিভারি চার্জ সংগ্রহ করা হয়৷ পারস্পরিক চুক্তির শর্তাবলীর পরিপ্রেক্ষিতে ডেলিভারি পার্টনাররা গ্রাহকদের ডেলিভারি পরিষেবা প্রদান করেছে, কোম্পানিকে নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। কোম্পানি কারণ দর্শানোর নোটিশের জন্য উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে।’‌

ডিজিজিআই জোমাটোকে ২০১৯–এর অক্টোবর থেকে ২০২২–এর মার্চ পর্যন্ত ডেলিভারি পার্টনারদের পক্ষ থেকে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ডেলিভারি চার্জের ওপর কর না দেওয়ার জন্য জরিমানা করেছে এবং সুদ দিতে বলেছে। মোট অর্থের পরিমান ৪০১.‌৭ কোটি টাকা।
যখন একজন গ্রাহক জোমাটো কিংবা সুইগি থেকে খাবার অর্ডার করেন, তখন বিলে তিনটি উপাদান থাকে। প্রথমত, খাবারের দাম। দ্বিতীয়ত, ডেলিভারি চার্জ। তৃতীয়ত, খাদ্য ও প্ল্যাটফর্ম ফি–তে ৫ শতাংশ কর। ২০২২ সালের জানুয়ারিতে জিএসটি কাউন্সিল খাদ্য বিতরণ পরিষেবার উপর ৫ শতাংশ কর ঘোষণা করেছিল এবং জিএসটি–র আওতায় ‘‌রেস্তোরাঁ পরিষেবা’‌ যুক্ত করেছিল। যার ফলে জোমাটো ও সুইগি–র মতো প্ল্যাটফর্মগুলি ‘‌রেস্তোরাঁ পরিষেবা’‌ হিসাবে ৫ শতাংশ জিএসটি প্রদান করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!