Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৭, ২০২৬

নেতাই শহিদ দিবসে শ্রদ্ধার্ঘ্য, হার্মাদবাহিনীর নৃশংসতার স্মরণে ফের সোচ্চার মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
নেতাই শহিদ দিবসে শ্রদ্ধার্ঘ্য, হার্মাদবাহিনীর নৃশংসতার স্মরণে ফের সোচ্চার মমতা

নেতাই শহিদ দিবসে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে ২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে ঘটে যাওয়া হার্মাদবাহিনীর নৃশংস হামলার স্মৃতিচারণা করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, “নেতাই-এর অমর শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।”

২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গ্রামে হার্মাদবাহিনীর গুলিতে ৯ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। ওই ঘটনায় আরও বহু মানুষ গুরুতরভাবে আহত হন। এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

নেতাই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে ২০১১ সালের ১০ জানুয়ারি কলকাতা হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের তৎকালীন কার্যকরী কমিটির সাধারণ সদস্যদের সভার প্রস্তাব অনুযায়ী জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন তৎকালীন বারের সহ-সভাপতি সুখেন্দুশেখর রায় এবং সহ সম্পাদক সঞ্জয় বর্ধন। ওই মামলায় সিবিআই তদন্তের পাশাপাশি মৃতদের পরিবার ও আহতদের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল ও বিচারপতি অসীমকুমার রায়ের ডিভিশন বেঞ্চ নেতাই হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দেয়। একই সঙ্গে আদালত নির্দেশ দেয়, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে।

যদিও তৎকালীন বাম সরকার হাই কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। তবে দেশের সর্বোচ্চ আদালত হাই কোর্টের নির্দেশই বহাল রাখে।

পরবর্তীতে ২০১১ সালের জুলাই মাসে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের আর্থিক সহায়তা প্রদান করেন। ২০১২ সাল থেকে প্রতি বছর ৭ জানুয়ারি দিনটিকে তৃণমূল কংগ্রেস ‘নেতাই শহিদ দিবস’ হিসেবে পালন করে আসছে।

এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নেতাই শহিদ দিবসে মুখ্যমন্ত্রী ফের একবার এক্স হ্যান্ডেলে লেখেন, “আজকের দিনে ২০১১ সালে ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে হার্মাদবাহিনীর হাতে প্রাণ হারান ৯ জন নিরীহ মানুষ। নেতাই-এর সেই সকল শহিদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!