Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৩, ২০২৬

তিন দলের এক প্রার্থী! গুজরাটে ভোটের আগে চরম বিভ্রান্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
তিন দলের এক প্রার্থী! গুজরাটে ভোটের আগে চরম বিভ্রান্তি

গুজরাটের আসন্ন পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এক অভিনব ঘটনা সামনে এসেছে। দাহোদ জেলার পাইপেরো আসনে এমন এক প্রার্থীকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, যিনি একসঙ্গে তিনটি রাজনৈতিক দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি হলেন ভরত সিং ভাখলা।

অদ্ভুত বিষয়, তিনি বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি— তিন দলেরই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যেদিকেই তাকানো যাচ্ছে, শুধুই ভরতের নাম! যেন তাঁকে ছাড়া আর কাউকে ভোট দেওয়ার উপায় নেই। ভরত দাহোদের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। স্থানীয় এলাকায় সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোয় তাঁর সুনাম রয়েছে।

রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসের হাত ধরেই। ২০১৭ সালে দেবগড় বারিয়া আসন থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, কিন্তু জয় পাননি। পরে তিনি আম আদমি পার্টিতে যোগ দেন এবং ২০২২ সালে একই আসন থেকে ফের নির্বাচনে লড়েন, কিন্তু সেবারও পরাজিত হন। গত বছর থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল, যদিও তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এর মধ্যেই পাইপেরো আসন থেকে তিনটি দলের হয়ে মনোনয়ন জমা দিয়ে তিনি সকলকে চমকে দিয়েছেন—এমনকি নির্বাচন কমিশনও বিস্মিত।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এ পর্যন্ত কোনো দলই তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। ১৫ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে যদি কোনো দল তাঁর মনোনয়ন অনুমোদন করে, তাহলে তিনি সেই দলের প্রতীকেই লড়তে পারবেন। প্রসঙ্গত, পাইপেরো আসনটি বিজেপি নেতা বাচুভাই খাবাড়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যার মধ্যে বিজেপির ৫ জন, কংগ্রেসের ২ জন এবং আম আদমি পার্টির ১ জন রয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, শেষ পর্যন্ত ভরত সিং ভাখলা হয়তো আম আদমি পার্টির টিকিটেই নির্বাচনে লড়তে পারেন।

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল গুজরাটের ১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ৩৪টি জেলা পঞ্চায়েত, ২৬০টি তালুকা পঞ্চায়েত এবং ৮৪টি পুরসভায় ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ২৮ এপ্রিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!