- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১১, ২০২৬
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আবার ইডি হানা, অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের দফতরেও তল্লাশি
চিত্র সংগৃহীত
শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির একটি দল সেখানে অভিযান চালায়। মনে করা হচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই এ পদক্ষেপ।
জানা গিয়েছে, জামিন পাওয়ার পর একাধিকবার ইডি পার্থ চট্টোপাধ্যায়কে তলব করলেও তিনি হাজিরা দেননি। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। ডিকে জানিয়েছিলেন, প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে বা তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। সে প্রেক্ষিতেই এদিন সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শনিবার বেলা প্রায় ১১টার কিছু আগে তিনটি গাড়িতে করে ইডির দল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নাকতলায় পৌঁছয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় তখন বাড়িতেই উপস্থিত ছিলেন। একই সঙ্গে ইডির আরেকটি দল নিউ টাউনে পৌঁছয় ‘মিডলম্যান’ হিসেবে পরিচিত প্রসন্ন রায়-এর দফতরে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। তিনি পার্থর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এবং আগেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালে এই নিয়োগ দুর্নীতি মামলাতেই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়-এর বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি নগদ অর্থ উদ্ধার হয়, যা এই মামলায় বড় মোড় আনে। ইডির একাধিক চার্জশিটে পার্থ এবং প্রসন্ন—দু’জনেরই নাম রয়েছে। এই মামলায় নাম জড়ানোর পর শাসকদল তৃণমূল কংগ্রেস পার্থর সঙ্গে দূরত্ব তৈরি করে এবং তাঁকে দল থেকে সরিয়ে দেয়। যদিও তিনি এখনো বেহালা পশ্চিমের বিধায়ক পদে রয়েছেন, তবে আসন্ন নির্বাচনে তাঁকে আর প্রার্থী করা হয়নি। ওই কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রত্না চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির তৎপরতা বেড়েছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষ-কে একাধিকবার তলব করা হলেও তাঁরা এখনও হাজিরা দেননি। এছাড়াও জমি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে শহরের বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। সূত্রের খবর, ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন রুখতেই কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। সেই ধারাবাহিকতাতেই আবারও নজরে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়।
❤ Support Us





