Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শিবনেরী দুর্গে শিবজয়ন্তী উদযাপনে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে জখম বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
শিবনেরী দুর্গে শিবজয়ন্তী উদযাপনে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে জখম বহু

শিবজয়ন্তী উদযাপন ঘিরে বড়সড় দুর্ঘটনা ঘটল পুনের ঐতিহাসিক শিবনেরী দুর্গে। বুধবার মধ্যরাতে ছত্রপতি শিবাজি মহারাজ-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত সেখানে সমবেত হন। অতিরিক্ত ভিড়ের চাপে আচমকাই হুড়োহুড়ি শুরু হয় এবং ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন বহু মানুষ। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

বিশেষ তিথি উপলক্ষে মহারাষ্ট্রের জুন্নার এলাকার ওই দুর্গে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন। একসঙ্গে বিপুল জনসমাগমের ফলে দুর্গের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে চরম ভিড় তৈরি হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সরু প্রবেশপথ দিয়ে একযোগে বহু মানুষ ঢোকার চেষ্টা করায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিড়ের চাপে অনেকের শ্বাসকষ্ট শুরু হয় এবং সেই সময়েই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিবজ্যোতি ও গেরুয়া পতাকা হাতে অসংখ্য মানুষ সরু করিডর দিয়ে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কয়েকজনকে দুর্গের জীর্ণ কাঠামোর উপর উঠে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।প্রশাসন সূত্রে খবর, এত বিপুল জনসমাগম সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। সংকীর্ণ প্রবেশপথ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষ করে অম্বরখানা এলাকার নীচে হাতি দরজা ও গণেশ দরজায় ভিড় সবচেয়ে বেশি ছিল, সেখানেই হুড়োহুড়ির জেরে পদপিষ্টের মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।

উল্লেখ্য, প্রতি বছর ছত্রপতি শিবাজি মহারাজ-এর জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্র সরকার শিবনেরী দুর্গে মহা শিব জন্মোৎসবের আয়োজন করে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং একাধিক শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!