- বি। দে । শ
- সেপ্টেম্বর ১০, ২০২৬
ফিলিপিন্সে মাঝ সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! নিহত ৫, নিখোঁজ ৮৭
ফিলিপিন্সে এক যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন যাত্রী নিহত ও ৮৭ জন নিখোঁজ হয়েছেন। ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন নাবিকসহ মোট ১৩৪ জন ছিলেন। এদের মধ্যে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফিলিপিন্স কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘এমভি জুন অ্যাস্টার’ নামের এই ফেরিটি ম্যানিলা থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্যস্থল ছিল পালাওয়ানের করোন। বুধবার পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রে অবস্থান করার সময়ই ফেরিটিতে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই প্রাণ বাঁচাতে তড়িঘড়ি সমুদ্রে ঝাঁপ দেন। ফেরিতে থাকা কর্মীরা অনেক যাত্রীকে লাইফ জ্যাকেট দেন। আগুন লাগার খবর পেয়েই ফিলিপিন্স কোস্ট গার্ডের কর্মীরা দ্রুত এমভি জুন অ্যাস্টারের কাছে পৌঁছন এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাঁরা জ্বলতে থাকা ফেরির দিকে যাত্রীদের লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন। নৌকায় করে জীবিতদের অগভীর জলে নিয়ে আসা হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, এখনো পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৮৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে, কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে এটি চূড়ান্ত সংখ্যা নয়। জীবিতদের সন্ধানে কোস্ট গার্ড দলগুলি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে । ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব বলেছেন, ‘ফেরিটিতে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্যসহ মোট ১৩৪ জন ছিলেন। আগুনের পর অনেকেই নিখোঁজ রয়েছেন। বর্তমানে ৮৭ জন নিখোঁজ বলে জানা গেছে। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।’
ফিলিপিন্স দ্বীপপুঞ্জে যাত্রীবাহী ফেরি একটা সাধারণ পরিবহন মাধ্যম। ঝড়, দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা নৌকা, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং প্রত্যন্ত প্রদেশগুলোতে দুর্বল নিরাপত্তা বিধির মতো কারণের জন্য সামুদ্রিক দুর্ঘটনা সাধারণ ঘটনা। মাসখানেক আগেই এক ফেরি ডুবিতে অনেকেই মারা গিয়েছিলেন। তবে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের এই ফেরিটিতে কীভাবে আগুন লেগেছে, তার কারণ এখনো জানা যায়নি।
❤ Support Us








