Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৬, ২০২৩

৫১ হাজার নিয়োগপত্র দিয়ে প্রধানমন্ত্রী বললেন, নাগরিককে অগ্রাধিকার দিতে হবে সরকারি কর্মীদের, বিরোধীদের প্রশ্ন,”বছরে ২ কোটি নিয়োগের কী হল?”

আরম্ভ ওয়েব ডেস্ক
৫১ হাজার নিয়োগপত্র দিয়ে প্রধানমন্ত্রী বললেন,  নাগরিককে অগ্রাধিকার দিতে হবে সরকারি কর্মীদের, বিরোধীদের প্রশ্ন,”বছরে ২ কোটি নিয়োগের কী হল?”

“নাগরিককে অগ্রাধিকার” এই নীতিতেই কাজ করতে হবে সরকারি কর্মীদের। মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের  মাধ্যমে ৫১ হাজার সরকারি চাকরি প্রার্থীদের হাতে রোজগার মেলা থেকে নিয়োগপত্র তুলে দিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার দিল্লির রাইসিনা রোডে ন্যাশনাল মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রোজগার মেলা শীর্ষক এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, “২০৪৭-এ আরও উন্নত ভারতের পথে এগোচ্ছে দেশ। আর কয়েক বছরের মধ্যে দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। এই সময়কালে প্রতিটি সরকারি কর্মীরাই বড় ভূমিকা নিতে পারেন। তাই আপনারা সব সময় নাগরিকদের আগ্রাধিকার দিয়ে কাজ করবেন।”

প্রধানমন্ত্রী নবীন চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সেই প্রজন্মের অংশ যাঁরা প্রযুক্তিকে সঙ্গী করে বড় হয়েছে। আপনাদের কাজের ক্ষেত্রেও প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।”

১০ লক্ষ সরকারি চাকরি, এই প্রচারকে হাতিয়ার করে গত বছর ২২ অক্টোবর “রোজগার মেলা”-র সূচনা করেন প্রধানমন্ত্রী। বেকারত্বকে ইস্যু করে বিরোধীরা যে সমালোচলা করেন রোজগার মেলার মাধ্যমে তার জবাবই দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

এ দিন প্রধানমন্ত্রী নবীন চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বলেন, জোর দিতে হবে সরকারি প্রকল্পের দ্রুত বাস্তাবায়নে। তিনি বলেন, “আপনাদের মতো তরুণরা যেখানে সরকারি কাজে যোগ দিচ্ছেন, সেখানে আশা করা যায় প্রকল্পের কাজে গতি আসবেই।”

৫১ হাজার চাকরিপ্রার্থী ডাক বিভাগ, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ, পরমাণু শক্তি বিভাগ, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক এবং অন্যান্য বিভাগে যোগদানের জন্য নিয়োগপত্র পেয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট পর্যন্ত আটটি রোজগার মেলার আওতায় সাড়ে পাঁচ লক্ষের বেশি কর্মপ্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সেই সংখ্যা ছাড়িয়ে গেল ৬ লক্ষের গণ্ডি।

বক্তব্যে প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে প্রসঙ্গ উত্থাপন করে বলেন, এই রোজগার মেলায় অনেক মহিলারাও চাকরি পেয়েছেন। মহিলার নানা ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এনেছেন। সরকারি কাজে তাঁদের সেই উদ্দিপনা নজরে আসবে।
তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি রোজগার মেলা করে ৫১ লক্ষ-নিয়োগের গণ্ডি পার হচ্ছেন,  নরেন্দ্র মোদির প্রতি বিরোধীদের প্রশ্ন, “২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বছরে ২ কোটি মানুষের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কী পূরণ করেছেন নরেন্দ্র মোদি?”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!