- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৯, ২০২৬
হলদিয়ার সভা থেকে প্রতিশ্রুতির ঝুলি, অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা নরেন্দ্র মোদির
বৃষ্টিকে উপেক্ষা করেই অসংখ্য সমর্থক ভিড় জমিয়েছিলেন প্রধানমন্ত্রীর সভায়। অনেকের হাতে ছিল নরেন্দ্র মোদি-র কাটআউট ও হাতে আঁকা ছবি। প্রিয় নেতাকে একবার দেখা ও তাঁর বক্তব্য শোনার জন্যই এমন উৎসাহ লক্ষ্য করা যায়। রাজ্যে প্রথম দফার ভোটের আগে ফের নির্বাচনী প্রচারে নামলেন তিনি। বৃহস্পতিবার তিনটি কেন্দ্রে তিনটি সভা করার সূচনা হয় হলদিয়ার মাখনবাবুর বাজারের সভা দিয়ে।
এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়-কে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন। সেই শুভেন্দুকে পাশে রেখেই এদিন ফের একবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মোদি। কারণ এবার ভবানীপুর কেন্দ্রে মুখোমুখি লড়াই মমতা বনাম শুভেন্দু। সভায় বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরের মানুষকে নমস্কার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন পরিবর্তনের ঝড়ের সূচনা। তাঁর কথায়, ‘এটি তৃণমূল সরকারের বিদায়ের ঝড়। নন্দীগ্রাম পাঁচ বছর আগে পরিবর্তনের পথ দেখিয়েছিল, এবার গোটা পশ্চিমবঙ্গ সেই পথেই হাঁটবে। নন্দীগ্রামে যা হয়েছিল, এবার ভবানীপুরেও তাই হবে এবং তার প্রভাব পড়বে পুরো রাজ্যে।’ তিনি আরও বলেন, এ নির্বাচন শুধু রাজনৈতিক নয়, বাংলার সমৃদ্ধি পুনর্গঠনের লড়াই।
অনুপ্রবেশের ইস্যুতেও তৃণমূল সরকারকে আক্রমণ করেন মোদি। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে এবং ভুয়ো নথি তৈরিতে উৎসাহ দিয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের রাজনীতি ভয়ের পরিবেশ তৈরি করে টিকে রয়েছে। চাকরির প্রসঙ্গ টেনেও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নই প্রমাণ করে বাংলাতেও পরিবর্তন সম্ভব। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার বাংলার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে। শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সিন্ডিকেট রাজ, কাটমানি ও দুর্নীতির কারণে শিল্পোন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।
মোদি আরও বলেন, প্রাইভেট সেক্টরে চাকরির অভাব তৈরি হয়েছে এবং সরকারি চাকরিতেও দুর্নীতির অভিযোগ রয়েছে। যুবসমাজের স্বপ্ন ভেঙে গেছে এবং তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর কথায়, বাংলার যুবকদের বারবার প্রতারিত করা হয়েছে, আর সেই পরিস্থিতি বদলাতে পারে একমাত্র পরিবর্তনই।
❤ Support Us





