Advertisement
  • দে । শ
  • জুলাই ১৬, ২০২৬

রথযাত্রায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
রথযাত্রায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রথের দিন সকালে মা ও স্ত্রীকে নিয়ে ইসকনের সদর দফতর মায়াপুরে পৌঁছে বিশেষ পূজায় অংশ নেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ ও রাজ্যের বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে তিনি আরতি, গোমাতা পুজো, গোসেবা ও যজ্ঞে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক মন্তব্যও করেন।
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। এই উৎসব ভারতের শাশ্বত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। রথযাত্রার সঙ্গে জড়িত রীতিনীতি ভারত তথা বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এসেছে। এই উৎসব বিনম্রতা, সম্মিলিত অংশগ্রহণ এবং নিঃস্বার্থ সেবার আদর্শকে আরও শক্তিশালী করে। মহাপ্রভু জগন্নাথ সকলকে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি দান করুন।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লেখেন, “শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম। প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক। পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। জয় জগন্নাথ।”
অন্যদিকে, রথযাত্রার সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে নদিয়ার মায়াপুরে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে ভগবানের উদ্দেশে আরতি করেন তিনি। এরপর গোমাতার পুজো ও গোসেবায় অংশ নেন। নিজের হাতে গোমাতাকে খাওয়ান, গোমাতার পা ধুয়ে দেন এবং যজ্ঞানুষ্ঠানেও অংশগ্রহণ করেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে যজ্ঞে আহুতিও দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ইসকনের মতো একটি প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গিয়েছে। মশা, মাছি পর্যন্ত আর ঢুকতে পারবে না।”
প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কলকাতা থেকে রথযাত্রা শুরু হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে রথ পৌঁছাবে ময়দানে অবস্থিত জগন্নাথদেবের ‘মাসির বাড়ি’-তে, যেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত রথ অবস্থান করবে।
ইসকনের কর্মকর্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকাল প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ অনুষ্ঠানে পৌঁছাবেন। সেখানে তিনি বিভিন্ন বিগ্রহ দর্শন করবেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন এবং রথের রশিতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করবেন। অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!