- দে । শ বৈষয়িক
- জুলাই ১৪, ২০২৩
ফ্রান্সের মাটিতেও চালু হবে ইউপিআই ,দুদিনের সফরে ফ্রান্সে গিয়ে ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউপিএ আমল থেকে মোদি জমানায় সবথেকে যে বড়ো পরিবর্তন দেখা দিয়েছে তা হল ডিজিটাল লেনদেনের ব্যাপকতা। বড়ো শপিং মল হোক বা পারার মুদির দোকান কিউআর কোড স্ক্যান করে যে কোনো জিনিস কেনা এখন সহজ হয়ে উঠেছে। এবার সেই ইউপিআই অর্থাৎ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেজ- কে ফ্রান্সের মাটিতেও ব্যবহার করতে পারবেন প্রবাসী ভারতীয়রা। ভারতের প্রধানমন্ত্রী সে দেশে গিয়ে জানালেন, দুই দেশই এব্যাপারে ঐক্যমত্যে পৌছেছে। আগামী দিনে আইফেল টাওয়ার থেকেই ইউপিআই শুরু হবে। অর্থাৎ সেদেশে বেড়াতে গিয়েও একজন ভারতবাসী ভারতীয় মুদ্রায় কোনো জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন।
বাস্তিল দিবস কর্মসূচি উপলক্ষে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়ে বিশেষ অতিথি হিসাবে দু’দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনেই প্রবাসী ভারতীয়দের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন তিনি। সেখানে তাদের একটি সম্মেলনে গিয়ে তিনি জানান, আগামী দিনে ভারতীয় ছাত্র যারা উচ্চ শিক্ষার জন্য সে দেশে পড়াশোনা করতে গেছে । তাঁরা অন্তত পাচ বছরের মেয়াদে ভিসা পাবে । এব্যাপারে সেদেশের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন ও সেনেটের প্রধান জেরার্ড লার্চারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হওয়ার কথা।
২০১৬ সালে এপ্রিল মাসে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইণ্ডিয়া পরীক্ষা মূলকভাবে ইউপিআই চালু করে। সূচনা পর্বে এ প্রকল্পে সাফল্য নিয়ে অনেক সংশয়। কিন্তু যত দিন গেছে নগদ আদান প্রদানের বিকল্প হয়ে উঠেছে ডিজিটাল লেনদেন। যাঁরা এই ব্যবস্থা ব্যবহার করেন তাঁরা প্রত্যেকেই এ ব্যবস্থার সুবিধা সম্পর্কে একমত। দেশের মাটিতে সাফল্যের পর সিঙ্গাপুরেও চালু হয় এ ব্যবস্থা। পরে ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি, ওমানের মতো দেশে ভারতীয় ডিজিটাল মাধ্যম এবং রুপে কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন শুরু হয়। এখন ফ্রান্স বিনিময়ের নতুন এ পদ্ধতি গ্রহণ করায় ইউরোপের মাটিতেও ভারতীয় ডিজিটাল লেনদেন ব্যবস্থার জয়যাত্রা শুরু হবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
❤ Support Us








