Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ, কমিশনকে চিঠি ৭০০ বিশিষ্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ, কমিশনকে চিঠি ৭০০ বিশিষ্টের

জাতির উদ্দেশে ভাষণে রাজনৈতিক প্রচার, স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ । নির্বাচন কমিশনকে চিঠি দিলেন দেশের ৭০০ বিশিষ্ট ।

গত ১৮ এপ্রিল জাতির উদ্দেশে বেতার ও দূরদর্শন ভাষণের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের রাজনৈতিক আক্রমণ করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে এই বিশিষ্টদের অভিযোগ । এই গুরুতর অভিযোগে দেশের ৭০০ নাগরিকের স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। আগেই এই বিষয়ে সরব হয়েছিল কংগ্রেস, তৃণমূল, সিপিএমের মতো রাজনৈতিক দলগুলি । বলা বাহুল্য, নতুন করে ৭০০ নাগরিকের চিঠিতে অস্বস্তিতে পড়ল কেন্দ্রের শাসক দল এবং কমিশন। এবার কমিশন কি পদক্ষেপ করে সেই দিকে তাকিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ।

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার জন্য লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল খারিজ হয়ে যাওয়ার পরে গত শনিবার রাতে দূরদর্শন ও আকাশবাণীতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ভাষণের প্রতিটি ছত্রে বিরোধীদের নারীবিদ্বেষী বলে সমালোচনা করেন মোদি । এর পরেই বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করেছিল, প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন । এবার একই অভিযোগ আনলেন প্রাক্তন আমলা, সমাজকর্মী, শিক্ষাবিদ-সহ ৭০০ জন বিশিষ্ট নাগরিক । অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের বক্তব্য, মোদির ভাষণ দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর মতো সরকারি অর্থায়নে পরিচালিত মঞ্চে সম্প্রচার করা হয়েছিল, যা সরকারি যন্ত্র ব্যবহার করে পক্ষপাতমূলক নির্বাচনী প্রচারের শামিল । এর ফলে নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে ওই অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

রবিবারই এইটি বিষয়টি উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিল দুই বাম দল। তাদের প্রধান অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন, যা করা যায় না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে আধ ঘণ্টার ভাষণে ৫৯ বার কংগ্রেসের নাম করেছেন। বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতারা কমিশনে চিঠি পাঠিয়েছেন ।

এই ঘটনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনসভা থেকে রবিবারই সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির তারকেশ্বরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে ‘রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার’ বলে মন্তব্য করেন। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়েছেন, মোদি নিজের দলের জন্য বেআইনি প্রচার চালাচ্ছেন। তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবে বলে জানান তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!