Advertisement
  • দে । শ
  • জুন ১২, ২০২৬

কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে পুলিশি তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে পুলিশি তল্লাশি

গোটা বাড়ি সেন্ট্রাল এসির আওতায়। সব ঘরই দামি মার্বেলে মোড়া। আসবাবের সিংহভাগ মহার্ঘ কাঠের। অন্দরসজ্জাও চোখ কাড়া। ফিল্টার জলে শৌচকর্মের বন্দোবস্ত। তল্লাশিতে নেমে কালনার সদ্য প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টুর বাড়িতে ঢুকে চোখ ছানাবড়া পুলিশের। সরকারের ত্রাণসামগ্রী নিজের হেফাজতে রাখার অভিযোগে ফের পুলিশ গ্রেপ্তার করেছে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। হুগলী থেকে তাকে পাকড়াও করে পুলিশ। অভিযোগ, পুলিশের চোখ এড়াতে তিনি রাতের অন্ধকারে কালনা ছেড়ে পালাচ্ছিলেন। নিজেদের হেফাজতে পেয়ে দেবপ্রসাদবাবুকে সঙ্গে নিয়ে কালনার ঘটকপাড়ায় তার ‘অট্টালিকা’য় ঢুকে বাড়িজুড়ে বিলাস-বৈভবের ছাপ দেখে তাজ্জব পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হল, বিশ্ববাংলা লোগো দেওয়া প্রচুর কম্বল, ত্রাণের শাড়ি, ত্রিপল, গামছা, এলআইসির সার্টিফিকেট, দলিল-সহ নানা নথি প্রভৃতি।

তবে দেবপ্রসাদবাবুর বৈভব দেখে পুলিশ তাজ্জব হলেও, এলাকাবাসীরা একেবারেই অবাক নন। তাদের সঙ্গে কথা বলে জানা গেল দেবপ্রসাদ বাগ ওরফে পল্টুর ‘জিরো থেকে হিরো’ হওয়ার সিনেমার চিত্রনাট্যর মত কাহিনি। আদতে ছিলেন টিভি, রেডিও মেকানিক। ২০০৫ সালের পুরভোটে কংগ্রেসের টিকিটে লড়ে জিতে উপপুরপ্রধান ও পরে পুরপ্রধান হন। পরে তৃণমূলে যোগ দিয়ে বিধানসভা ভোটে লড়ে জেতেন। রাজনীতিতে উত্থানের সঙ্গে সঙ্গে বৈভবও বাড়তে থাকে। বাড়তে থাকে মেজাজ, দুর্ব্যবহার, মানুষকে তুচ্ছ জ্ঞান করার ভুরিভুরি নজির। পুকুর ভরাট, তোলাবাজি, জুলুমবাজি, বেআইনি নির্মাণ-সহ নানারকম দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে তৃণমূলের নেতা-কর্মী ও প্রাক্তন বিধায়করা ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার হচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডুর। দেবুবাবু বলেন, ‘আমাদের প্রবীণ নেতা দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে তৃণমূল কার্যালয়ে ঢুকে বিজেপি হেনস্থা করেছে। নেতা-কর্মীদের নিগ্রহ করেছে। এটা কি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন?’


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!