- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৫
যাদবপুর ক্যাম্পাসে ‘আজাদ কাশ্মীর’ দেয়ালচিত্র, রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু পুলিশের
জেএনইউ-এর পর এবার যাদবপুর। ‘আজাদ কাশ্মীর’-এর সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে একটি দেয়ালে ‘আজাদ কাশ্মীর’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা দেয়ালচিত্র শুরু হয়েছিল বিতর্ক। কোথাও আবার দেওয়াল লিখল মণিপুর, হাসদেও, জোশীমঠ, এমনকী দেউচা পাঁচামির প্রসঙ্গ। ‘আজাদ কাশ্মীর’-এর সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে পিডিএসএফ নামের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করেছে পুলিশ। ওই ছাত্র সংগঠনের সদস্য ও নেতাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, গোয়েন্দাদের সহযোগিতায় শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২/৬১ বি ধারা অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ, হিংসা ও নাশকতার ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই ঘটনায়’অতি-বাম’ ছাত্রসংগঠনকে দায়ী করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিশলয় রায় জানিয়েছেন, ‘যারা এ কাজ করেছে তারা মানসিকভাবে অসুস্থ। পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন।’ অন্যদিকে এই ঘটনার বিরোধিতা করেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। এসএফআই-এর লোকাল কমিটির সম্পাদক শৌর্যদীপ্ত রায় বলেন,’আজাদ কাশ্মীর বলার অর্থ সার্বভৌমত্বের উপর আক্রমণ। আমরা বিচ্ছিন্নতাবাদী দৃষ্টিভঙ্গি সমর্থন করি না। তবে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংখ্যালঘুদের উপর দমন-পীড়নের বিরুদ্ধে। এই ঘটনায় রাষ্ট্রদ্রোহীতার মামলা করাটা কতটা যুক্তিযুক্ত সে নিয়ে প্রশ্ন থাকছেই। এভাবে সমস্যার সমাধান হবে না, বরং আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানো উচিত।’
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে যাদবপুর থানা থেকে বিতর্কিত গ্রাফিতির ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর পিছনে কারা রয়েছে, তাঁদের খোঁজ চলছে। এদিকে ১ মার্চের শিক্ষমন্ত্রীকে কেন্দ্র করে ঘটা যাদবপুরকাণ্ডে বিজেপি ও তৃণমূল উভয়েই চাঁচাছোলা আক্রমণ করেছে। তৃণমূলের তরফে আহত ছাত্রের সঙ্গে মাওবাদী যোগের অভিযোগ তোলা হয়েছে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতারা যাদবপুর ইউনিভার্সিটিকে’ দেশদ্রোহিতার আখড়া’ বলে কটাক্ষ করা হয়েছে। জেএনইউয়ের কায়দায় ‘ঠান্ডা’ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হএয়ছিল। নতুন এ ঘটনায় সে বিতর্কে ঘি ঢালবে তা বলবার অপেক্ষা রাখে না। হিন্দু পরিষদের ছাত্র শাখা এবিভিপির দক্ষিণবঙ্গের সম্পাদক অনিরুদ্ধ সরকার এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন দেশবিরোধী কাজের প্রধান জায়গা হয়ে উঠেছে। পুলিশের অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ এর পিছনে বিদেশি শক্তির ছায়াও দেখছেন তাঁরা।
তবে এই প্রথম নয়, এর আগেও এ ধরণের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে খবরের শিরোনামে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সে সময় রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। তবে উত্তপ্ত আবহে এবার বিষয়টিকে হালকাভাবে দেখছে না রাজ্য পুলিশ। কারণ তাঁদের দিকেও প্রশ্নচিহ্ন উঠছে। এর আগে দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েও ‘আজাদ কাশ্মীর’-এর সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগে তোলপাড় হয়েছিল দিল্লি। গ্রেপ্তার করা হয়েছিল একাধিক ছাত্র নেতাকে। যাদবপুরের ঘটনায় সেরকমই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যাদবপুর ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে ঘটনার পর, ধর্ণায় বসে আছে পড়ুয়ারা। গতকাল থেকে দফায় দফায় ছাত্রদের সাথে বৈঠক করেছে কর্তৃপক্ষ। আহত ছাত্রদের চিকিৎসার খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়, ছাত্রদের নিরাপত্তা ও আইনি সুরক্ষায় বিষয়েঅ নজর দেওয়া হবে। এমনকি ছাত্রদের যে দাবীকে ঘিরে এত কাণ্ড সেই ছাত্র সংসদ নির্বাচন কীভাবে করানো যায় সে নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে অরবিন্দ ভবন। যদিও সমঝোতা চুড়ান্ত হয়নি। সোমবার ছাত্রদের প্রধান ৩ টি দাবি ছিল, সেদিনের ঘটনায় যেসব ছাত্রদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে তা প্রত্যাহার করতে হবে, তদন্দের নামে পড়ুয়াদের উপর পুলিশি হেনস্তা বন্ধ করতে হবে ও তৃণমূল ঘনিষ্ট অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে ক্যাম্পাস আসা থেকে আটকাতে হবে। তাঁদের অভিযোগ, ঘটনার দিন ছাত্রদের মারধোর ও ২ জন ছাত্রীর শ্লীলতাহানি করেছেন ওমপ্রকাশ। পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণও করেছেন। ছাত্রছাত্রীদের আরও দাবি ছিল, ‘ওঁর আচরণ শিক্ষকসুলভ নয়। ওমপ্রকাশের মতো অধ্যাপকেরা বিশ্ববিদ্যালয়ে এলে ক্যাম্পাসে এ ধরনের আরো ঘটনা ঘটবে।’ বাকী বিষয়গুলি নিয়ে ছাত্রদের আশ্বাস দিলেও, ওমপ্রকাশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে দ্বিধায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়গুলি নিয়ে বিবেচনার করে দেখার জন্য সময় চেয়েছেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত।
❤ Support Us






