Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দল বদলের জল্পনা ! কী জবাব প্রতীকের ?

আরম্ভ ওয়েব ডেস্ক
দল বদলের জল্পনা ! কী জবাব প্রতীকের ?

সদ্য দলের সব পদে ইস্তফা দিতে চেয়ে দলকে চিঠি দেওয়া সিপিএম-এর যুব নেতা প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিচ্ছেন বলে যে খবর ছড়িয়েছে তা নিয়ে স্পষ্ট ভাষায় নিজেরই দলকে বিঁধলেন সিপিএম ছাড়তে চাওয়া প্রতিবাদী প্রতীক উর রহমান।

মঙ্গলবার এই প্রতিবেদকের সঙ্গে টেলিফোনিক সাক্ষাৎকারে প্রতীক উর রহমান বলেন, ” আমি পার্টির রাজ্য কমিটির ফোরামে আমার যা বলার বলেছি। সেটা তার ২০ মিনিটের মধ্যে বাইরে বার হয় কি করে?” এই প্রশ্ন তুলে দলের একাংশকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন প্রতীক উর রহমান।

তিনি বলেন, “সোমবার আমার ইস্তফাপত্র বাইরে বার হওয়ার পর থেকে সোমরার রাত সাড়ে ৩টে পর্যন্ত আমি আমায় যে, যা, প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আজ মঙ্গলবার সকালে ন্যারেটিভ তৈরি হয়ে গেল প্রতীক উর তৃণমূলে জয়েন করছে ! এটা তৃণমূল বা বিজেপি করলে আমার কিছু যায় আসতো না। এটা করছে আমার দলের একাংশ, দলের লোক। এটাই আমার ক্ষোভ।”

এর পর প্রতীক উর বলেন, “আমার যদি কোনও সিদ্ধান্ত নতুন করে নেওয়ার থাকে তাহলে সেটা আমি সময়য়মতো মিডিয়াকে জানাবো। কিন্তু যেটা নয়, সেটা নিয়ে গল্প তৈরি করে আমার দলের একাংশ মজা পাচ্ছে। আমার প্রতিবাদ,  ক্ষোভ এসবের বিরুদ্ধে।”

প্রতীক উর অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। সিপিএম এর হোল টাইমার। দল থেকে পাওয়া টাকাই তাঁর আয়ের উৎস। মাটি কামড়ে দল করার যে কজন যুব নেতা এখন সিপিএম দলে আছে, তাঁদের মধ্যে অন্যতম প্রতীক উর রহমান। তিনি সম্প্রতি দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপযাচক হয়ে বাবরি মসজিদ তৈরি করতে প্রস্তুত ও জনতা উন্নয়ন দলের কর্ণধার হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করে “তাঁর মন বুঝতে” গিয়েছিলেন, তাতে অসন্তুষ্ট হন প্রতীক উর রহমান। সেলিমের এই উদ্যোগ নিয়ে প্রতীক উর রহমানের মনে অনেক প্রশ্ন তৈরি হয়। তারপর তিনি সেলিমের এই কাজের  সমর্থন না করে সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, “নীতি নৈতিকতা ছাড়া,  আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।”

তাঁর এই পোস্টের বিরুদ্ধে গিয়ে সিপিএমের আর এক যুবনেতা শতরূপ ঘোষ লিখেছিলেন, সব নীতি নৈতিকতার দায় কি সিপিএম নিয়ে রেখেছে।”

এর পর থেকেই দলের অভ্যন্তরে সেলিমের হুমায়ূনের মন বুঝতে চাওয়া নিয়ে দ্বন্দ্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রতীক উর রহমান মন থেকে এই সব বিষয়কে মানতে না পেরে সোমবার সকালে দল ছাড়ার সিদ্ধান্ত লিখিত ভাবে দলের রাজ্য সম্পাদককে জানান। সেই চিঠি দলের ফোরামে জমা পড়ার ২০ মিনিটের মধ্যে বাইরে কি করে বার হয়ে যায়? এখন সেই প্রশ্ন তুলে এই চিঠি ফাঁস ও তাঁর তৃণমূলে যোগ দেওয়ার ন্যারেটিভ তৈরির জন্য দলেরই একাংশকে দায়ী করলেন প্রতীক উর রহমান। তবে তিনি যে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি, এটা যে তাঁর দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে নেমে রটাচ্ছে করছে তাও প্রতীক উর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!