- দে । শ
- অক্টোবর ১৩, ২০২২
রেলপথে এবার কলকাতা থেকে সরাসরি আগরতলা, নতুন ট্রেনের উদ্বোধন রাষ্ট্রপতির
এবার রেলপথে কলকাতা থেকে সরাসরি পৌঁছনো যাবে ত্রিপুরার আগরতলায়। বৃহস্পতিবার কলকাতা–গুয়াহাটি ট্রেনের পথ আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হল। আগরতলা স্টেশন থেকে এই কলকাতা–আগরতলা ট্রেনের সম্প্রসারণ পতাকা নেড়ে সূচনা করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হাজির ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও আগরতলা–জিরিবাম–আগরতলা জন শতাব্দী এক্সপ্রেসের মণিপুরের খোংসাং অবধি সম্প্রসারণের সূচনা করা হল।
উত্তর সীমান্ত রেলওয়ে বা নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে তরফে এই এক্সপ্রেস ট্রেনগুলির সম্প্রসারণের ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সংযোগ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন ট্রেনগুলি নতুন করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, কোকরাঝাড়, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, কাটোয়ো ও ব্যান্ডেলের উপর দিয়ে যাবে। এই ট্রেনগুলিতে মোট ১৪ টি কামরা থাকবে। আগরতলা–কলকাতা এক্সপ্রেস ট্রেন প্রত্যেক বুধবার আগরতলা থেকে সকালে যাত্রা শুরু করবে। পরের দিন বিকেলে কলকাতা পৌঁছবে। এবং প্রত্যেক রবিবার করে কলকাতা ছেড়ে আগরতলার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। আগরতলায় পৌঁছবে মঙ্গলবার রাতে।
রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু ১২ অক্টোবর ত্রিপুরা সফরে গেছেন। এরপর তিনি আসাম সফরে যাবেন। ১৪ অক্টোবর তাঁর দিল্লি ফেরার কথা। গুয়াহাটিতে আসাম প্রশাসনিক স্টাফ কলেজে তাঁর সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন দ্রোপদী মুর্মু। পরে তিনি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আসাম সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যার মধ্যে সুপার কম্পিউটার সুবিধা পরম কামরূপা এবং নকশার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার আসাম সরকারে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং রেল মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাষ্ট্রপতি যেসব প্রকল্পের উদ্বোধন করবেন, তার মধ্যে রয়েছে আধুনিক সুযোগ–সুবিধা সহ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মিশন সৌভাগ্য, শিলচরের মইনারবন্ডে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পেট্রোলিয়াম স্টোরেজ ডিপো, দুটি হাইওয়ে প্রকল্প, আসামের চা বাগান এলাকায় ১০০টি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, গুয়াহাটির আগথোরিতে দুটি হাইওয়ে প্রকল্প এবং আধুনিক কার্গো–কাম–কোচিং টার্মিনাল। পরে তিনি গুয়াহাটি থেকে লুমডিং এবং শোখুভি (নাগাল্যান্ড) ও মান্দিপাথার (মেঘালয়) পর্যন্ত একটি ট্রেনের শুভ সূচনা করবেন। পতাকা যাত্রা করবেন।
উত্তর–পূর্ব ভারতে তাঁর সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগরতলার দুর্গাবাড়ি টি এস্টেটের মহিলা চা শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি তাদের সন্তানদের বিশেষ করে মেয়েদের শিক্ষার উপর জোর দেন। রাষ্ট্রপতি ত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর উদ্বোধন করেন এবং জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতিকে আগরতলায় ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
❤ Support Us





