Advertisement
  • দে । শ
  • জুলাই ২, ২০২৫

দূর্নীতিতে নাম জড়ালো প্রধান শিক্ষকের, অপসারণ চেয়ে বিক্ষোভ হাড়োয়ার পিজি হাইস্কুলে

আরম্ভ ওয়েব ডেস্ক
দূর্নীতিতে নাম জড়ালো প্রধান শিক্ষকের, অপসারণ চেয়ে বিক্ষোভ হাড়োয়ার পিজি হাইস্কুলে

স্কুলে দূর্নীতি করছেন প্রধান শিক্ষক, এবং তাতে পরিচালন সমিতির সভাপতির মদত আছে, এই অভিযোগে উত্তর ২৪ পরগনার হাড়োয়া পি জি হাইস্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির অপসারণ দাবি তুলে বিক্ষোভে শামিল অভিভাবক, পড়ুয়ারা। রীতিমত পোস্টার , স্লোগানে এদিন সরগরম হয়ে ওঠে হাড়োয়া পিজি হাই স্কুল চত্বর। স্কুলের আর্থিক অনিয়ম, পড়াশুনো থেকে শুরু করে পরিকাঠামোগত খাতে অর্থ তছরুপ সহ একাধিক অভিযোগে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হওয়ায় এদিন বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাতে শামিল হন স্কুলের ছাত্র এবং প্রাক্তনীরাও। পরিস্থিতি খতিয়ে দেখতে অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক স্কুলে আসেন। হাড়োয়া পিজি হাইস্কুলে বর্তমানে প্রায় ৩২০০ পড়ুয়া। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক শমিক রূদ্র মজুমদারের বিরুদ্ধে। তিনি স্কুলে আসেন অনিয়মিত। মিড ডে মিলে নিয়ে দুর্নীতি তো রয়েছে সেইসঙ্গে স্কুলের উন্নয়ন প্রকল্পের টাকা নিয়েও দুর্নীতিতে জড়িয়েছেন প্রধান শিক্ষক। এমনকী স্কুলের অস্থায়ী শিক্ষক, শিক্ষা কর্মীদের বেতনও অনিয়মিত । আরও অভিযোগ, স্কুলের উন্নয়ন তহবিলের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। বছরের পর বছর প্রধান শিক্ষক নিয়মিতে স্কুলে আসেন না। এই ধরনের একাধিক দাবি নিয়ে প্রধান শিক্ষকের নামে দুর্নীতির পোস্টার প্রধান শিক্ষককে অপসারণের দাবি তুলেছেন অভিভাবক, ছাত্ররা। তাঁদের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির মদত রয়েছে প্রধান শিক্ষকের সমস্ত অপকর্মের পেছনে। পরিচালন সমিতির সভাপতিকেও সরানোর দাবিতে সরব বিক্ষোভ কারীরা। এদিন স্কুলে প্রধান শিক্ষকের দেখা মেলেনি। পরিচালন সমিতির সভাপতি শেখ হাফিজ আহমেদ বলেন, পরিচালন সমিতির বিরুদ্ধে অভিযোগ সেভাবে আসেনি। বরং পরিচালন সমিতি সব সময় চেয়েছে স্কুলকে সুন্দরভাবে চালানোর জন্য। প্রধান শিক্ষককে বারবার বলা হয়েছে, হিসেব পত্র পরিস্কার করতে। কিন্তু তিনি তা করেন নি। এজন্য অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক এসেছেন। তিনি অভিযোগ খতিয়ে দেখছেন। তিনি বলেন, পরিচালন সমিতির সভাপতির কোন এক্তিয়ার নেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া বা শো কজ করার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!