- দে । শ
- জানুয়ারি ১৪, ২০২৬
এসআইআর শুনানি ঘিরে হেনস্থা, বাড়ছে ক্ষোভ । পূর্বস্থলীতে পুড়ল শাহ, মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুতুল
কারও বয়স আশি পেরিয়েছে। কেউ বিশেষভাবে সক্ষম। কেউ ব্রেন স্ট্রোকের শিকার হয়ে পরিষ্কার কথা বলতে পারেন না। তাদেরও ছাড় মেলেনি। এসআইআর প্রক্রিয়ার শুনানিতে তলব পড়েছে। এভাবে হেনস্থার অভিযোগ তুলে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরের বিডিও অফিসের সামনে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বহু সাধারণ মানুষ। ছিলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীও। সেখানে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ানো হয়। পথ অবরোধে শামিল হতে দেখা যায় বেশ কয়েকজন অসুস্থ মানুষকেও। যাদের মধ্যে একজন আশি বছরের বৃদ্ধা, এক প্রতিবন্ধী ব্যক্তি ও এদিন এই অবরোধে সামিল হয়েছিলেন।
অবরোধকারীদের বক্তব্য আমাদের ফালতু সমস্ত কারণ দেখিয়ে শুনানিতে ডাকা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ। আনোয়ারা মোল্লা নামে বছর বিরাশির বৃদ্ধা প্রায় ১৫ কিমি দূরে দীর্ঘপাড়া থেকে ছেলেকে সঙ্গে করে এসেছেন পূর্বস্থলী ১নং ব্লকে শুনানির হাজিরায়। তিনিও অবরোধে যোগ দিয়েছেন। বললেন, ‘এই ঠাণ্ডায় খুব কষ্ট হচ্ছে বাপ। এভাবে আমাদের কেন কষ্ট দিচ্ছে ভোটবাবুরা।’ ব্রেন স্ট্রোকে আক্রান্ত ফরজ শেখের চিকিৎসা চলছে। কথা বলতে গেলে এলিয়ে যায়। তিনিও হাজির শুনানিতে। অবরোধে যোগ দিয়ে বললেন, ‘ভাল করে কথা বলতে পারি না। কষ্ট হয়। এত কষ্ট কেন দিচ্ছে নির্বাচন কমিশন?’ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ-প্রশাসনের প্রতিনিধিরা এসে বুঝিয়েসুজিয়ে অবরোধ তোলে।
❤ Support Us






