- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৮, ২০২৬
‘পুষ্পা’ স্টাইলে মাদক পাচারের ছক ভেস্তে ৩২২ কেজি গাঁজা উদ্ধার পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৭। অভিনন্দনবার্তা মুখ্যমন্ত্রীর
যেন হুবহু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার দৃশ্য! লরির নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ৩২২ কেজি গাঁজা পাচারের চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। এই অভিযানে মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে গোবিন্দপুর–বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে, পুরুলিয়া শহরে প্রবেশের মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি লরিকে সামনে ও পিছনে দুটি ছোটো গাড়ি পাহারা দিয়ে নিয়ে যেতে দেখা যায়। সন্দেহ হওয়ায় তিনটি গাড়িকেই আটক করে তল্লাশি চালায় পুলিশ। প্রাথমিকভাবে লরির মধ্যে কিছু না মিললেও পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক মেকানিকের সাহায্যে গাড়ির নিচে তৈরি বিশেষ গোপন কুঠুরির সন্ধান মেলে। সে কুঠুরি খুলতেই বেরিয়ে আসে ছোটো ছোটো অসংখ্য প্যাকেট। প্যাকেটগুলি খুলে দেখা যায়, সেগুলি গাঁজায় ভর্তি। পরে বৈদ্যুতিক ওজন পরিমাপক যন্ত্র এনে জাতীয় সড়কের ধারে উদ্ধার হওয়া মাদকের ওজন করা হয়। মোট ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের, একজন ওড়িশার এবং বাকি তিনজন বিহারের বাসিন্দা। ধৃতদের বয়স ৩২ থেকে ৪৮ বছরের মধ্যে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পূর্ব বর্ধমানের রাজু পাল ও জীবন দে, পশ্চিম বর্ধমানের উত্তমকুমার সিনহা, ওড়িশার গঞ্জাম জেলার কালিয়া লঙ্কা, বিহারের ভোজপুর জেলার দীপককুমার সিং ও অজিতকুমার সিং, এবং বক্সারের রঞ্জিতকুমার প্রসাদ। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, নজর এড়ানোর জন্য লরির নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে মাদক লুকিয়ে পাচার করা হচ্ছিল। এই কৌশল অনেকটা জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এ দেখানো পাচার পদ্ধতির সঙ্গে মিল রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
এ অভিযানে পুরুলিয়া জেলা পুলিশের ‘স্পেশাল অপারেশনস গ্রুপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে অন্য কোন রাজ্যের কারা যুক্ত রয়েছে, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। পুলিশের এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাদক পাচার রোধে পুলিশের এ অভিযানের তিনি প্রশংসা করেছেন।
❤ Support Us








