- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ২২, ২০২২
উদয়পুরে ‘শহিদ’ হয়ে গেলেন রবীন্দ্রনাথ !
কবির প্রতি এত আক্রোশ কেন শাসকের?
ত্রিপুরার একসময়কার রাজধানী আর সরোবর নগরী উদয়পুর পুরসভার হোর্ডিং-এ শহিদ হয়ে গেলেন রবীন্দ্রনাথ। কবিকে, এভাবে সম্বোধনের ব্যাখ্যা নেই পুরকর্তৃপক্ষের। এরকম মারাত্মক ভুল, তথ্য বিকৃতি আগেও হয়েছে রবীন্দ্রনাথের প্রিয় রাজ্যে।বিপ্লব দেব তখন মুখ্যমন্ত্রী। হঠাৎ বলে দিলেন, জালিয়ান ওয়ালাবাগ গণহত্যার পর নোবেল পুরস্কার ছেড়ে দিয়েছিলেন ক্ষুদ্ধ কবি। নাইট পদবির পরিবর্তে নোবেল ত্যাগ- মুখ্যমন্ত্রীর জ্ঞানের বহর দেখে হাসল ভারত ! খানিকটা হলেও বিমর্ষ শাসক বিজেপি। তবু ইচ্ছাকৃত বা অনিচ্ছাজনিত ভুল থেকে রেহাই মিলল না বিশ্বসেরা মনীষীর। তাঁর মূর্তি বিনষ্ট করা হল। পাঠ্যপুস্তক থেকে বাদ পড়ল কবির লেখা।
এবার, তাঁকে বীর যোদ্ধা বলে অখ্যায়িত করে শহিদ বানিয়ে দিলেন পুরকর্তৃপক্ষ। কেন রবীন্দ্রনাথ বারবার ভুলের শিকার হচ্ছেন? ভুল একবার, দুবার হতে পারে। হলে, সমাজ আর প্রশাসনের সতর্ক হয়ে ওঠার কথা। কিন্তু এরকম কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ‘শহিদ’ অখ্যায়িত হোর্ডিং এর ওপর রবীন্দ্রনাথের যে ছবি দেখা যাচ্ছে, সেটাও সুঅঙ্কিত নয়। কাঁচা হাতের কাজ। মুখে চাপানো দাড়ি। চাপানো চুল। সবই হাস্যকর বিকৃতি।
রবীন্দ্রনাথ কি হাসির খেরাক? যা ইচ্ছে করতে হবে তাঁকে নিয়ে। সরকার কিংবা পুরকর্তৃপক্ষ ভুল করলে, সমাজ কি সে ভুলকে মেনে নেবে ? রবীন্দ্র শতবর্ষে, কবির গান নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার। প্রতিক্রিয়ায় রুখে দাঁড়িয়েছিলেন ছাত্র আর বুদ্ধিজীবীরা। নিষেধাজ্ঞার মোকাবিলায় পূর্ববঙ্গ জুড়ে আরও বেশি করে ছড়িয়ে পড়লেন বাঙালির মনের মানুষ। তাঁর গান শেখার আর শেখানোর বহু প্রতিষ্ঠান গড়ে উঠল পূর্ববঙ্গের ছোটোবড়ো শহরে। সম্ভবত, ছায়ানটের জন্মও ওই মুহূর্তে?
রবীন্দ্রনাথের জীবন আর মহোত্তম কর্ম নিয়ে, ত্রিপুরার সরকারি প্রতিষ্ঠানের বিকৃতি সমাজ কীভাবে দেখছে, জানা নেই। কবির লেখায়, নাটকে, কবিতায় উপন্যাস জুড়ে রয়েছে বঙ্গীয় আর উপজাতীয় ভূখণ্ড। ত্রিপুরাই একটিমাত্র রাজ্য, যেখানে ৭ বার গেছেন কবি। রাজপরিবারের অতিথি হয়ে। ভাষণ দিয়েছেন, রাজপরিবারের হিতাকাঙ্খীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সদুপদেশ দিয়েছেন। অনুশাসিত পশুবলির প্রতিবাদ করেছেন। রাজপরিবারের সদস্যদের সঙ্গে কবির প্রত্রালাপ ইতিহাসের অমূল্য দলিল হয়ে আছে। এরকম একটি রাজ্যের পুরহোর্ডিং এ ‘শহিদ’ হয়ে গেলেন ভারতীয় প্রজ্ঞার শাশ্বত প্রতিনিধি!
❤ Support Us





