Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১১, ২০২৬

উত্তরপ্রদেশে রেললাইনে ধস, বিপর্যস্ত ট্রেন চলাচল ! শিয়ালদহ রাজধানী-সহ আটকে ১২ ট্রেন, চরম দুর্ভোগে যাত্রীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশে রেললাইনে ধস, বিপর্যস্ত ট্রেন চলাচল ! শিয়ালদহ রাজধানী-সহ আটকে ১২ ট্রেন, চরম দুর্ভোগে যাত্রীরা

উত্তরপ্রদেশের মির্জাপুরে রেললাইনে মাটি ধসের ঘটনায় ব্যাপকভাবে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল । এই দুর্ঘটনার জেরে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস-সহ প্রায় ১২টি ট্রেন আটকে পড়েছে বলে খবর । পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে । আচমকা এই বিপর্যয়ের জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন রেলযাত্রীরা ।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মির্জাপুর-ঝিংগুরা রেল সেকশনে লাইন নির্মাণের কাজ চলাকালীন মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকাই মাটি ধসে যায় । এর ফলে ওই রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয় । ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা । পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হন রেলের ইঞ্জিনিয়াররাও ।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দুর্ঘটনার পরই ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় । তবে আপ লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে । এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । শেষ পাওয়া খবর অনুযায়ী, রেললাইনের মেরামতির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন রেল কর্তৃপক্ষ ।

এদিকে, দুর্ঘটনার জেরে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । রেল সূত্রে খবর, ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেনকে বিকল্প পথে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । এই ট্রেনগুলি প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে ।

এছাড়াও ২৬৫০৫ এবং ১২১৬৭ নম্বর ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে । এই ট্রেনগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে । শুধু এই ছ’টি ট্রেনই নয়, দুর্ঘটনার জেরে আরও বেশ কয়েকটি ট্রেনের রুটে পরিবর্তন আনা হয়েছে বলে খবর ।
সব মিলিয়ে মির্জাপুরের এই রেল বিপর্যয়ের কারণে উত্তরপ্রদেশের ওই রুটে রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত। মেরামতির কাজ শেষ করে কবে ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল, এখন সেদিকেই তাকিয়ে যাত্রী থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!