Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

রণবীর সিংকে হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
রণবীর সিংকে হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি

বলিউড তারকা রণবীর সিং-কে ১০ কোটি টাকা চাঁদা না দিলে ভয়াবহ পরিণতির হুমকি—এই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে। ১০ ফেব্রুয়ারি রণবীরের ফোনে একটি হুমকিমূলক বার্তা পৌঁছনোর পরই তদন্তে নামে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এরপর ১৩ ফেব্রুয়ারি, প্রেমদিবসের আগের রাতে, ফের একটি হাড়হিম করা অডিও ক্লিপ আসে। সেখানে শোনা যায়, “এমন হাল করব, সাত জন্ম মনে রাখবি।”

ঘটনার জেরে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রণবীর ও তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন-এর বাংলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে তারকাদম্পতির ব্যক্তিগত সুরক্ষাও।

তদন্তে উঠে এসেছে ‘হ্যারি বক্সার’ নামে পরিচিত এক কুখ্যাত গ্যাংস্টারের নাম, যার আসল নাম হরি চাঁদ। পুলিশ সূত্রে দাবি, অডিও ক্লিপের কণ্ঠস্বর তাঁরই। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিষ্ণোই গ্যাং-এর ঘনিষ্ঠ সহযোগী এবং বিদেশে, বিশেষত মার্কিন মুলুকে বসে ভিপিএন ব্যবহার করে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

এই প্রেক্ষিতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। রণবীরের ম্যানেজারের ফোনে আসা অডিও ক্লিপটি যাচাইয়ের জন্য পাঞ্জাব ও হরিয়ানা পুলিশ-এর কাছেও পাঠানো হয়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে কণ্ঠস্বর হ্যারি বক্সারের বলেই নিশ্চিত হওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর।

অডিও বার্তায় নিজেকে ‘হ্যারি বক্সার’ পরিচয় দিয়ে বলা হয়, অভিযোগ দায়ের করায় কোনও সমস্যা নেই, কিন্তু তার ফল ভুগতে হবে। শুধু রণবীর নন, তাঁর সহকর্মী ও কর্মচারীদেরও টার্গেট করার হুমকি দেওয়া হয়। এমনকি তাঁদের দৈনন্দিন গতিবিধি সম্পর্কে গ্যাংয়ের কাছে তথ্য রয়েছে বলেও দাবি করা হয়। একে একে কর্মচারীদের খুন করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

তদন্তে আরও জানা যায়, রণবীরের পাশাপাশি পরিচালক রোহিত শেট্টি-ও এই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। তাঁর ঘনিষ্ঠদের কাছেও হুমকিবার্তা পৌঁছেছে বলে সূত্রের খবর।

বিষ্ণোই গ্যাংয়ের নাম এর আগেও একাধিক ঘটনায় জড়িয়েছে। অভিনেতা সলমন খান-কে প্রকাশ্যে হুমকি, তাঁর বাড়ির বাইরে হামলার চেষ্টা, এমনকি কানাডায় কৌতুকাভিনেতা কপিল শর্মা-র ক্যাফেতে গুলিচালনার ঘটনাতেও এই গ্যাং দায় স্বীকার করেছিল বলে অভিযোগ।
এছাড়া দশেরার দিন মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা বাবা সিদ্দিকি-র হত্যাকাণ্ডের পরও গ্যাংয়ের তরফে হুমকিসূচক বার্তা প্রকাশ্যে আসে। সেখানে বলা হয়, সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতা রাখলে একই পরিণতি হতে পারে।

ক্রমাগত তারকাদের নিশানা করে হুমকি, চাঁদাবাজি ও হামলার ঘটনায় সেলেব মহলে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই বলছেন, পরিস্থিতি যেন নয়ের দশকে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড দাপটের স্মৃতি ফিরিয়ে আনছে।

এই মুহূর্তে রণবীর সিংকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!