Advertisement
  • দে । শ
  • মার্চ ২৬, ২০২৬

পানিহাটি কেন্দ্রে জল্পনার অবসান, বিজেপির প্রার্থী আরজি করের নির্যাতিতার মা

আরম্ভ ওয়েব ডেস্ক
পানিহাটি কেন্দ্রে জল্পনার অবসান, বিজেপির প্রার্থী আরজি করের নির্যাতিতার মা

পানিহাটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনার অবসান। আরজি কর হাসপাতালে যৌন নির্যাতন করে খুন হওয়া নিহত তরুণীর মা-ই শেষ পর্যন্ত বিজেপির মুখ হিসেবে নির্বাচনী ময়দানে নামছেন। বুধবার, আরও ১৯টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। সে তালিকাতেই উঠে আসে আসে বহুল আলোচিত নাম।

গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, মেয়ের মৃত্যুর বিচার চাইতে পথে নামা এই মা কি শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে নামবেন? সে জল্পনাই এদিন সিলমোহর পেল। কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের সামনে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু আন্দোলন যথেষ্ট নয়, প্রশাসনিক ও রাজনৈতিক স্তরেও লড়াই প্রয়োজন।’ সে অবস্থান থেকেই বিজেপিতে যোগদান এবং প্রার্থী হওয়া, এমনটাই তাঁর বক্তব্য।

তাঁর অভিযোগ, রাজ্যের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রশ্নের মুখে। মেয়ের মৃত্যুর ঘটনার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর দাবি, তদন্তে গতি নেই, ফলে বিচার বিলম্বিত হচ্ছে। যদিও রাজনৈতিক ময়দানে নামার পর এই লড়াই আরও জোরদার হবে বলেই তাঁর বিশ্বাস।

অন্যদিকে, এই প্রার্থীপদকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের তরফে কুণাল ঘোষ কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এই সিদ্ধান্ত ‘দ্বিচারিতা’র পরিচায়ক। তাঁর বক্তব্য, ঘটনার পরপরই রাজ্য পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। পরে আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার নিলেও সেই গ্রেপ্তারই সঠিক বলে প্রমাণিত হয়েছে। কুণাল আরও দাবি করেন, এতদিন যে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, এখন সেই শাসক দলের সঙ্গেই হাত মেলানো হয়েছে। তাঁর কথায়, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সঙ্গেই হাত মেলানো, এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।’

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আরজি কর কাণ্ডের আবেগ এখনও রাজ্যের জনমনে প্রবল। আবেগকে কাজে লাগিয়েই পানিহাটি আসনে সংগঠন মজবুত করতে চাইছে বিজেপি। সে কারণেই এই প্রার্থী নির্বাচন এমনটাই তাঁদের অভিমত।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!