- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বাড়ছে বেকারত্বের হার, সংকটে শিক্ষিত যুবকদের কর্মসংস্থান: কেন্দ্রের রিপোর্টে উদ্বেগজনক তথ্য
দেশজুড়ে হু হু করে বাড়ছে বেকারত্ব। চলতি বছরের প্রথম মাসেই জাতীয় স্তরে বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ শতাংশে। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে যেখানে বেকারত্বের হার ছিল ৪.৮ শতাংশ, জানুয়ারি মাসে তা আরও বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের অধীনস্থ জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও)-এর সমীক্ষা অনুযায়ী, গত এক মাসে গ্রাম ও শহর—উভয় ক্ষেত্রেই বেকারত্বের হার বেড়েছে। একই সঙ্গে শ্রমশক্তি অংশগ্রহণের হার (এলএফপিআর) এবং শ্রমিক জনসংখ্যা অনুপাত (ডব্লিউপিআর) কমেছে বলেও রিপোর্টে জানানো হয়েছে। সরকারি বিশ্লেষণে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় বেকারত্ব বৃদ্ধির প্রভাবেই সামগ্রিক হারে এই ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। এর পেছনে আবহাওয়াজনিত কারণ, ফসল কাটার পরবর্তী মৌসুমি মন্দা এবং কৃষিক্ষেত্রে নাগরিকদের আগ্রহ কমে যাওয়ার মতো বিষয়গুলিকে দায়ী করা হয়েছে। পাশাপাশি শীতকালীন সময়ে নির্মাণ, কৃষি, পরিবহণ এবং ক্ষুদ্র ব্যবসার কার্যকলাপ কমে যাওয়াও বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে।
তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মৌসুমি কারণের বাইরেও দেশে কর্মসংস্থানের কাঠামোগত ঘাটতি রয়েছে। বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে চাকরির অভাব প্রকট হয়ে উঠছে। যদিও কেন্দ্রীয় সরকার বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্প গ্রহণের দাবি করছে, বাস্তবে তার প্রভাব এখনও উল্লেখযোগ্যভাবে প্রতিফলিত হয়নি। উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাস থেকে কেন্দ্রীয় সরকার প্রতি মাসে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করছে এবং ত্রৈমাসিক রিপোর্টও সামনে আনছে। ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বেকারত্বের হার ৫ শতাংশের নিচে নামলেও, জানুয়ারির পরিসংখ্যান ফের উদ্বেগ বাড়িয়েছে। সামগ্রিকভাবে দেশের কর্মসংস্থানের চিত্রে খুব বেশি ইতিবাচক পরিবর্তন এখনও দেখা যাচ্ছে না।
❤ Support Us








