Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রীর কুর্সিতে ৩৮-এর তরুণ তুর্কি, শুভেচ্ছা মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রীর কুর্সিতে ৩৮-এর তরুণ তুর্কি, শুভেচ্ছা মোদির

নেদারল্যান্ডসের রাজনৈতিক ইতিহাসে তৈরি হলো নতুন এক মাইলফলক। দীর্ঘ ১১৭ দিনের রাজনৈতিক টানাপোড়েন ও জোট গঠনের আলোচনার পর অবশেষে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন ৩৮ বছর বয়সি তরুণ তুর্কি রব জেটেন। তিনি কেবল দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রীই নন, বরং ডাচ মুলুকের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি প্রকাশ্যে নিজের সমকামী পরিচয় তুলে ধরেছেন।

রব জেটেনের উত্থান উল্কাসমান। মাত্র ৩১ বছর বয়সে সংসদীয় দলের নেতা হওয়া থেকে শুরু করে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন—সবক্ষেত্রেই তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন। ১০ বছর সক্রিয় রাজনীতি করেই প্রাক্তন পরিবেশমন্ত্রী এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী হন তিনি।

১৫০ আসনের নিম্নকক্ষে রবের দলের হাতে রয়েছে ৬৬টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে জোট বেঁধে ‘সংখ্যালঘু’ সরকার গঠন করেছেন তিনি।

রব জেটেন সবসময়ই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সপ্রতিভ। দীর্ঘদিনের সঙ্গী, আর্জেন্টিনার হকি তারকা নিকোলাস কিনানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারো অজানা নয়। ২০২৪ সালে তাঁরা বাগদানও সেরেছেন। নেটিজেনদের একাংশ তাঁদের রসায়ন নিয়ে চর্চায় মাতলেও, নেদারল্যান্ডসের এলজিবিটিকিউ (LGBTQ+) সম্প্রদায় রবের এই সাফল্যে উচ্ছ্বসিত। তাঁদের মতে, এটি বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির এক বড় জয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রব জেটেনকে অভিনন্দন জানিয়ে লিখেছেন: “নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনকে অনেক অভিনন্দন। ভারতের সঙ্গে নেদারল্যান্ডসের গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আগামী দিনে আপনার সঙ্গে একযোগে কাজ করতে আমি মুখিয়ে রয়েছি।”

ইতিহাস গড়লেও রবের সামনের পথ খুব একটা মসৃণ নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিন দলের জোট সরকার চালানো এবং শক্তিশালী বিরোধী শিবিরের মোকাবিলা করা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে প্রতিকূলতা কাটিয়ে তরুণ এই নেতা ডাচ অর্থনীতি ও সমাজকে কতটা এগিয়ে নিয়ে যান, এখন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!