- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৮, ২০২৫
দেশের সেরা এডভেঞ্চার পুরস্কার তেনজিং নোরগে অ্যাওয়ার্ড পেলেন কালনার সায়নী
দেশের সেরা এডভেঞ্চার পুরস্কার ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেলেন সায়নী। ‘পঞ্চসিন্ধু’ জয়ের স্বীকৃতি হিসেবে কালনার বারুইপাড়ার ‘জলের রানি’ সায়নীর হাতে দিল্লির রাষ্ট্রপতি ভবন লাগোয়া গণতন্ত্র মণ্ডপে দেশের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জীবনে প্রথম শাড়ি পরে এই পুরস্কার নিয়ে খুশি সায়নীর মন্তব্য, ‘এই পুরস্কার আমার প্রেরণা। সপ্তসিন্ধু জয় করাই আমার অভীষ্ট।’ সায়নীর পাশে দাঁড়িয়ে তার বাবা তথা প্রশিক্ষক এই পুরস্কারপ্রাপ্তিকে ব্যাখ্যা করলেন, ‘হার না মানা, হাল না ছাড়া, লড়াই ছেড়ে না পালানোর মানসিকতা’ হিসেবে।
২০০২ সালে বাংলার সাঁতারু বুলা চৌধুরি এই সম্মান পেয়েছিলেন। তার ২২ বছর বাদে পেলেন সায়নী। একটার পর একটা উথালপাথাল আন্তর্জাতিক চ্যানেল জেতার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বলে সায়নীকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। পুরস্কার হিসেবে বিভিন্ন উপহার ও স্মারকের সঙ্গে রয়েছে ১৫ লক্ষ টাকা। একের পর এক আন্তর্জাতিক চ্যানেল জয়ের স্বীকৃতি হিসেবে সায়নী এর আগে খেলাশ্রী, সেরা বাঙালি, মাদার টেরিজা অ্যাওয়ার্ডের মত নানা সম্মান ও পুরস্কার পেলেও তেনজিং নোরগের মত এত বড় মাপের পুরস্কার এই প্রথম।
কালনা শহরের বারুইপাড়ার জলকন্যা সায়নীর লক্ষ্য ‘সপ্তসিন্ধু’ জয়। আর দুটো মাত্র চ্যানেল জিতলেই সেই লক্ষ্য পূর্ণ হবে। দুটোর মধ্যে প্রথমে স্পেনের জিব্রালটার প্রণালী জয় করতে নামার প্রস্তুতিও পুরোদমে শুরু করে দিয়েছেন সায়নী। সেখানে যাতায়াত-সহ আনুষঙ্গিক খরচ বাবদ দরকার মোটামুটি ১০ লাখ টাকা।
সায়নীর ‘জল-জার্নি’ শুরু হয় বছর সাতেক আগে। ২০১৭ সালের ২৫ জুলাই ইংলিশ চ্যানেল জেতেন সায়নী। সেখানে যাতায়াতের খরচ জোগাড় করতে নিজের একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকু বন্ধক দেন সায়নীর বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক রাধেশ্যাম দাস। অবলীলায় সেই চ্যানেল জিতে বাবার কষ্ট মুছে দিয়েছিলেন সায়নী। তারপর আর থামেননি কালনার ‘জলপরি’ সায়নী। একের পর এক উত্তাল সাগরের উথালপাথাল ঢেউ, হিমশীতল জল আর ভয়াল সামুদ্রিক প্রাণীর হামলা আর আর্থিক প্রতিকূলতাকে উপেক্ষা করেই জয়ের নিশান উড়িয়েছেন ক্যাটলিনা, মলোকাই, কুক স্ট্রেট ও নর্থ চ্যানেল পেরিয়ে। সায়নীই এশিয়ার প্রথম মহিলা যিনি মলোকাই জিতেছেন। আর ভারতের প্রথম মেয়ে হিসেবে নর্থ চ্যানেল জিতেছেন। আর দুটি চ্যানেল স্পেনের জিব্রালটার ওয়জাপানের সুগারু পেরলেই ‘ওশেন সেভেন’ বা সপ্তসিন্ধু জয়ের বিরল কৃতিত্ব অর্জন করতে পারবেন কালনার ‘সাগরিকা’ সায়নী।
এ বছর এপ্রিলের মাঝামাঝি ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার চ্যানেলে নামা একরকম চূড়ান্ত হয়েছে। সায়নীর মাথায় কবে সপ্তসিন্ধু জয়ের তাজ উঠবে, তার প্রহর গুনছে সায়নীর পরিবার থেকে শুরু করে আত্মীয় ও শুভানুধ্যায়ীরা।
❤ Support Us






