Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৬

ভোটের আগে ৪৮ ঘণ্টা ‘গ্রুপ রাইডিং’ নিষিদ্ধ, তবে একা বাইকে বেরোতে বাধা নেই, নির্দেশ হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের আগে ৪৮ ঘণ্টা ‘গ্রুপ রাইডিং’ নিষিদ্ধ, তবে একা বাইকে বেরোতে বাধা নেই, নির্দেশ হাই কোর্টের

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ । আদালত জানিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে দল বেঁধে বাইক চালানো বা ‘গ্রুপ রাইডিং’ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে । তবে একই সঙ্গে ব্যক্তি স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ।

মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায়, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, তবে একক বেঞ্চের আগের নির্দেশ পুরোপুরি অমান্য করা যাবে না । এদিন বিচারপতি শম্পা সরকার বলেন, “কারও যদি ইচ্ছে হয় বাইকে করে বেরোবেন, তা হলে তাতে বাধা দেওয়ার কোনও কারণ নেই ।” তবে সংগঠিতভাবে বাইক মিছিল বা র‌্যালি করা যাবে না । এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ নির্বাচন কমিশনের জারি করা নির্দেশে কিছু সংশোধন করেছিল । সেখানে বলা হয়েছিল: বাইক র‌্যালি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে । ভোটের ১২ ঘণ্টা আগে জরুরি প্রয়োজন ছাড়া বাইকে যাত্রী বহন করা যাবে না । ভোটের দিন পরিবার নিয়ে বাইকে করে ভোট দিতে যাওয়া যাবে ।

নির্বাচন কমিশন প্রথমে নির্দেশ দিয়েছিল, ভোটের দুদিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে কিন্তু ওই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসানো যাবে না । ভোটের দিনও একই সময়সীমা প্রযোজ্য থাকবে । শুধুমাত্র ভোট দেওয়া বা জরুরি প্রয়োজনে বাইক ব্যবহার করা যাবে । চিকিৎসা, পারিবারিক কাজ বা শিশুদের স্কুলে নিয়ে যাওয়া-আসার ক্ষেত্রে ছাড় থাকবে । সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কিছু ছাড়ের কথা বলা হয়েছিল । অ্যাপভিত্তিক বাইক পরিষেবা এই বিধিনিষেধের বাইরে থাকবে । বিশেষ ক্ষেত্রে স্থানীয় থানার লিখিত অনুমতি নিতে হবে ।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের করা হয় । একক বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের ক্ষমতা থাকলেও তা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগ করতে হবে । কোনো আইন বা নির্দিষ্ট প্রক্রিয়ায় বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ করার কথা বলা নেই, তাই সেই নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত নয় ।

ডিভিশন বেঞ্চও জানায়, অন্য কোনও রাজ্যের নির্বাচনে এ ধরনের পদক্ষেপের নজির কমিশন দেখাতে পারেনি । যদি এমন উদাহরণ দেওয়া যেত, তবে তা বিবেচনা করা হত । প্রসঙ্গত, ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট হবে । তার ৪৮ ঘণ্টা আগে থেকেই এই নতুন নির্দেশ কার্যকর হয়েছে। ফলে প্রচারের শেষ দিনে রাজনৈতিক দলগুলির বাইক র‌্যালি আয়োজন আর সম্ভব নয় ।

সব মিলিয়ে আদালতের এই নির্দেশে একদিকে যেমন নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়েছে, তেমনই অন্যদিকে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতাকেও সুরক্ষিত রাখা হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!