Advertisement
  • বৈষয়িক
  • মার্চ ৪, ২০২৬

দালাল স্ট্রিটে ধস: ১৬০০ পয়েন্ট পড়ে ৮০ হাজারের নিচে সেনসেক্স, চাপে বিশ্ববাজার

আরম্ভ ওয়েব ডেস্ক
দালাল স্ট্রিটে ধস: ১৬০০ পয়েন্ট পড়ে ৮০ হাজারের নিচে সেনসেক্স, চাপে বিশ্ববাজার

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে তীব্র চাপে দেশের শেয়ার বাজার। টানা ধস নেমেছে দালাল স্ট্রিটে। সোমবার প্রায় আড়াই হাজার পয়েন্ট পতনের পর বুধবারও বড় ধাক্কা খেল বাজার। এদিন প্রায় ১৬০০ পয়েন্ট হারিয়ে ৮০ হাজারের নিচে নেমে এল সেনসেক্স।

বুধবার সকালে বাজার খোলার পর থেকেই বিক্রির চাপ স্পষ্ট ছিল। দিনের শুরুতেই সেনসেক্স প্রায় ১৬০০ পয়েন্ট পড়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিম্নমুখী প্রবণতা আরও জোরদার হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স ১৩৯২.৭৪ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৮,৮৪৬.১১-এ।

পাল্লা দিয়ে পতন হয়েছে নিফটিতেও। দিন শেষে নিফটি ৪৫৩.৮০ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৪,৪১১.৯০-এ। ব্যাঙ্ক নিফটিতেও বড়সড় ধস দেখা গেছে। ১২৪১.৮০ পয়েন্ট বা ২.০৮ শতাংশ কমে ব্যাঙ্ক নিফটির সূচক বর্তমানে ৫৮,৫৯৭.৮৫-তে।

কোন শেয়ার কতটা পড়ল

বিশ্ববাজারের বেহাল অবস্থার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ধাতু, অবকাঠামো ও ব্যাঙ্কিং খাতে। উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে—

  • টাটা স্টিল (-৭.৫৪৪%)
  • এলঅ্যান্ডটি (-৬.৪৮%)
  • গেইল (-৫.৮৮%)
  • ব্যাঙ্ক অফ বরোদা (-৬.৮৪% ও -৬.৩৩%)
  • সেইল (-৬.৯১%)

তবে সামগ্রিক পতনের মাঝেও কিছু শেয়ার ঊর্ধ্বমুখী ছিল। যেমন—

  • সোলার ইন্ডাস্ট্রিজ (+২.১৪%)
  • কোল ইন্ডিয়া (+১.৯০%)
  • ইনফোসিস (+০.৭৪%)
  • ওয়েল ইন্ডিয়া লিমিটেড (+২.৮৪%)
  • সুইগি (+১.৮৭%)

বিশ্ববাজারেও ধস

শুধু ভারতের বাজার নয়, যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়েই। বুধবার জাপানের নিক্কেই সূচক প্রায় ৩.৫ শতাংশ পড়ে গেছে। আমেরিকা, ইউরোপ, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের বাজারেও বড় পতন লক্ষ্য করা গেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আবু ধাবি ও দুবাইয়ের বাজার দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে পারে। তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের আমদানি ব্যয়, মূল্যবৃদ্ধি এবং শেয়ার বাজারে।

বিনিয়োগকারীদের জন্য কী পরামর্শ?

এই পরিস্থিতিতে বাজার বিশ্লেষকদের পরামর্শ, এখনই বড় মুনাফার প্রত্যাশা না করাই বুদ্ধিমানের কাজ। অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রেডিং করতে হবে। তবে আতঙ্কে হুড়মুড় করে শেয়ার বিক্রি করাও লাভজনক নাও হতে পারে।

অতীতের উদাহরণ টেনে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন—কোভিড অতিমারী বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও প্রথম ধাক্কার পর বাজার ঘুরে দাঁড়িয়েছিল। তাই আবেগ নয়, বিচক্ষণ সিদ্ধান্তই হতে পারে এই অস্থির সময়ে বিনিয়োগকারীদের সবচেয়ে বড় হাতিয়ার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!