Advertisement
  • বি। দে । শ
  • জুলাই ১৭, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ, সংঘর্ষে মৃত্যু ৬ জনের, পড়াশোনা বন্ধ, স্থগিত পরীক্ষা

আরম্ভ ওয়েব ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ, সংঘর্ষে মৃত্যু ৬ জনের, পড়াশোনা বন্ধ, স্থগিত পরীক্ষা

কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে ছাত্র লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী ও পথচারী রয়েছে। প্রাশ শ’‌পাঁচেক আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে মঙ্গলবার বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশে সব ধরণের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে সোমবার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় লীগের সমর্থকরা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পর মঙ্গলবার গোটা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে এসে আন্দোলনকারীরা সড়ক, মহাসড়ক অবরোধ করেন। রেলপথও অবরোধ করা হয়। ফলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়াসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়কগুলো অচল হয়ে পড়ে। মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ভারত–বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেসও আটকে পড়ে।
বিভিন্ন স্থানে ছাত্র লীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। ছাত্র লীগ কর্মীদের লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ছাত্র লীগের কর্মীরাও পাল্টা ধাওয়া করে ইট–পাটকেল নিক্ষেপ করে। রংপুরে পুলিশ লাঠিচার্জ করে ও গুলি চালায়। সংঘর্ষের ঘটনায় ঢাকায় ২ জন, রংপুরে ১ জন, চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানী ঢাকায় বিক্ষোভ দমনে লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে সক্রিয় ছিলেন ছাত্র লীগ কর্মীরা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। ঢাকার অন্তত ১৬টি জায়গায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঢাকা কলেজ, পুরান ঢাকা, নতুন বাজার ও মিরপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র লীগের কর্মীদের সংঘর্ষ, গুলি চালানো ও হামলার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্র লীগ। প্রতিবাদে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ওপর হামলা এবং হিংসসার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বিশ্ববিদ্যালয়ের ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধে ৬ টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!