Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৬, ২০২২

ভারত জোড়ো’‌ পদযাত্রায় সামিল হলেন সোনিয়া গান্ধী

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত জোড়ো’‌ পদযাত্রায় সামিল হলেন সোনিয়া গান্ধী

অসুস্থতার জন্য দীর্ঘদিন কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচী থেকে দূরে ছিলেন সোনিয়া গান্ধী। আবার কংগ্রেস কর্মীদের সঙ্গে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেন। বৃহস্পতিবার বিজেপি শাসিত কর্ণাটকে ‘‌ভারত জোড়ো’‌ যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নেন। কিছুটা হাঁটার পর সোনিয়া একটা গাড়িতে উঠে পড়েন।

শারীরিক পরীক্ষা–নিরীক্ষার জন্য দীর্ঘদিন বিদেশে ছিলেন সোনিয়া গান্ধী। বিদেশ থেকে ফিরে এসে সোমবার বিকেলে তিনি কুর্গের মাদিগেরি থেকে মাইসোর পৌঁছন। আয়ুধ পুজো ও বিজয়া দশমীর জন্য কংগ্রেসের ‘‌ভারত জোড়ো’‌ যাত্রা দুদিন বন্ধ ছিল। বুধবার বেগুর নামে একটা গ্রামে গিয়েছিলেন সোনিয়া। সেখানে একটা মন্দিরে পুজো দেন। বৃহস্পতিবার সকালে সোনিয়া জাকান্নাহাল্লিতে পৌঁছে যান। তারপর পাণ্ডবপুরা তালুক থেকে সকাল সাড়ে ৬টা নাগাদ যাত্রা শুরু করেন। এদিন সকালে পদযাত্রা শুরুর সময় সোনিয়ার সঙ্গে ছিলেন রাহুল গান্ধী, স্থানীয় বিধায়ক অঞ্জলি নিম্বলকার, রূপকালা ও লক্ষ্মী হেব্বালকর।

রাহুল গান্ধী ১২টি রাজ্যের মধ্য দিয়ে ৩৫৭০ কিলোমিটার পথ হেঁটে ‘‌ভারত জোড়ো’‌ এবং বিজেপির ‘‌বিভাজনের রাজনীতি’‌র বিরুদ্ধে বার্তা দেওয়ার পরিকল্পনা করেছেন৷ কংগ্রেস ফাটল নিয়ে যখন লড়াই চলছে, সেই সময়েই রাহুল গান্ধীর এই ঐতিহাসিক পদযাত্রার সিদ্ধান্ত। ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারীতে শুরু হওয়া কংগ্রেসের দেশব্যাপী পদযাত্রা ৩০ সেপ্টেম্বর কর্ণাটকে প্রবেশ করেছে। এই বছরের শুরুর দিকে কোভিড সংক্রমণের পরে এটি সোনিয়া গান্ধীর প্রথম জনসাধারণের সফর। তিনি শেষবার ২০১৬ সালে বারাণসীতে একটি রোডশোতে অংশ নিয়েছিলেন।কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার বলেছেন, সোনিয়া গান্ধীর পদযাত্রায় যোগ দেওয়া দলের জন্য গর্বের বিষয়।

এদিনের পদযাত্রা শেষে বেলারির ব্রহ্মদেবরাহল্লী গ্রামে কংগ্রেসের সভা হবে। সেখানেও সোনিয়া গান্ধীর থাকার কথা রয়েছে। নাগামঙ্গলা তালুকের সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে বিপরীতে সভার স্থল নির্ধারিত হয়েছে। কর্নাটকে ভারত জোড়ো যাত্রা চলবে ২১ দিন ধরে। এই সময়ে ৫১১ কিমি পথ অতিক্রম করবে এই যাত্রা। এই সময়ের মধ্যে ভারত জোড়ো যাত্রা চামরাজানগর, মাইসুরু, মান্ড, তুমাকুরু, চিত্রদুর্গ, বেলারি, রাইচুর জেলার মধ্যে দিয়ে যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!