Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৯, ২০২৬

উৎসবের মুখে রেল বিভ্রাট, বাতিল বহু ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
উৎসবের মুখে রেল বিভ্রাট, বাতিল বহু ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা

উৎসবের মুখে বড়োড়ো ট্রেন বিভ্রাটের আশঙ্কা দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায়। চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ ও রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। রেল সূত্রে খবর, এ সময়ের মধ্যে লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিল করা হয়েছে। ফলে উৎসবের মরশুমে যাত্রী দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। চেঙ্গাইল রেল ইয়ার্ডের পরিকাঠামো আধুনিকীকরণ এবং রিমডেলিংয়ের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় এক্সপ্রেস পরিষেবা। এর মধ্যে উল্লেখযোগ্য হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস এবং শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস। পাশাপাশি জনপ্রিয় হাওড়া-দিঘা এক্সপ্রেস পরিষেবাও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শুধু তাই নয়, আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন, একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। ওই দিন বাতিল করা হয়েছে হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। অন্যদিকে, ১১ অক্টোবর সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে। পুজোর মরশুমে এমনিতেই ট্রেনে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তার উপর উৎসবের ঠিক আগে টানা ১৪ দিন ধরে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্তে যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়া-খড়গপুর শাখার উপর নির্ভরশীল নিত্যযাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

ইতিমধ্যেই এই শাখায় ট্রেনের সময়ানুবর্তিতা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। সময়মতো ট্রেন না চলা, দেরিতে পরিষেবা পৌঁছনো-সহ একাধিক সমস্যায় নিত্যদিন ভোগান্তির অভিযোগ ওঠে। তার উপর পুজোর আগে এতগুলি ট্রেন বাতিলের সিদ্ধান্তে যাত্রীদের অসন্তোষ আরও বাড়ছে। উৎসবের মরশুমে যাতায়াতের চাপ যখন স্বাভাবিকভাবেই বেশি থাকবে, তখন এই পরিষেবা-বিঘ্ন পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে বলেই মনে করছেন যাত্রীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!