- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৫, ২০২৫
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আর ব্যাগি গ্রিন টুপি পরে মাঠে দেখা যাবে না স্টিভ স্মিথেকে। ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের পরই তিনি অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ও টি২০ খেলা চালিয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্মিথ।
অধিনায়ক হিসেবেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। চোটের জন্য প্যাট কামিন্স না খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মিথের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন নির্বাচকরা। জীবনের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচেও ব্যাটে দাগ কাটলেন স্মিথ।তাঁর ৭৩ রানের ইনিংসই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিল।
২০১০ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।স্মিথের। দেশের হয়ে ১৭০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রান করেছেন ৫৮০০। সর্বোচ্চ ১৬৪। সেঞ্চুরি করেছেন ১২টি, হাফ সেঞ্চুরি ৩৫টি। উইকেট নিয়েছেন ২৮ টি। সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট।
পরের একদিনের বিশ্বকাপ ২ বছর পর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট যাতে দল তৈরি করতে পারেন তার জন্যই জুনিয়রদের সুযোগ দিতে নিজেকে সরিয়ে নিলেন। অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করে স্মিথ বলেন, “২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতির শুরু করার এটাই অস্ট্রেলিয়ার উপযুক্ত সময় বলে মনে হচ্ছে। দেশের হয়ে পথ চলাটা আমার কাছে অবিশ্বাস্য ছিল। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দেশের জার্সি গায়ে খেলার অনেক অসাধারণ সময় কেটেছে। দুর্দান্ত স্মৃতি রয়েছে। তার মধ্যে দুটি বিশ্বকাপ জয় আমার কাছে অন্যতম সেরা মুহূর্ত।”
এখন থেকে টেস্ট ক্রিকেটকেই বেশি অগ্রাধিকার দেবেন স্টিভ স্মিথ। ৩৬ টি টেস্ট সেঞ্চুরির মালিক বলেন, “সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এখন থেকে আমি টেস্ট সিরিজকেই বেশি গুরুত্ব দেব। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও আমি মনে করি এখনও ক্রিকেটকে দেওয়ার আমার অনেক কিছুই রয়েছে।”
❤ Support Us








