Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৬

বঙ্গে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

বঙ্গে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

দিনভর তীব্র রোদ ও অস্বস্তিকর গরমের পর শুক্রবার বিকেল থেকেই বদলাতে পারে বাংলার আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর পেরিয়ে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে পৌঁছে গিয়েছে। তবে এখনও কেরলে বর্ষা প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যার প্রভাবে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবারও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের তীব্রতা কমবে বলে পূর্বাভাস। জুনের প্রথম সপ্তাহ থেকেই ফের বাড়তে পারে গরম ও দাবদাহ পরিস্থিতি।

অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার থেকে দার্জিলিং, কোচবিহার-সহ পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কমবে ঝড়বৃষ্টির দাপট।

এদিকে বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আবহাওয়া দফতর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!