- দে । শ
- জুন ১৩, ২০২২
বাড়ছে গরমের ছুটি, আজই নির্দেশিকা জারি করতে পারে শিক্ষা দফতর
গরমের জেরে নাজেহাল রাজ্যবাসী। বঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই । ভ্যাপসা গরমে বাড়ছে অসুস্থতা । এবছর রেকর্ড ভেঙে তাপমাত্রা বাড়ায় স্কুল গুলোতে আগেভাগেই গরমের ছুটি পড়ে যায় । সরকারি নির্দেশিকা অনুযায়ী গরমের ছুটি কাটিয়ে ১৬ জুন স্কুলমুখো হবে ছাত্রছাত্রীরা । কিন্তু বৃষ্টির দেখা নেই বঙ্গে । কাঠফাঁটা রোদে খটখটে চারপাশ । বাড়ছে তাপমাত্রা । এ অবস্থায় আবার স্কুলগুলোতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গরমের ছুটি আরও দুসপ্তাহ বাড়িয়ে ২৭ জুন পর্যন্ত করা হবে। সোমবারই নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দফতর । মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্বস্তিকর গরমের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার।
এত দিন ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল। সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে। সূত্রের খবর, রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং বিগত কয়েকদিনে গরমের বিক্ষিপ্ত ঘটনায় নতুন করে ভাবনা-চিন্তা করেছে শিক্ষা দফতর। এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়ায় গরমের ছুটি ১৫ মে থেকে এগিয়ে এনে শুরু হয় ২ মে। ছুটি দেওয়া হয় টানা ৪৫ দিন।
শিক্ষা দফতর সূত্রে খবর, রবিবার পানিহাটিতে দই চিড়ের মেলা–উৎসবে তীব্র গরমে প্রাণহানি হয় তিনজনের। আর অনেকে অসুস্থ হয়ে পড়েন। তারপরই মুখ্যমন্ত্রী স্কুলের বাচ্চাদের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেন। তাঁর মনে হয়েছে, এই অসহনীয় গরম চলতে থাকলে স্কুলপড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার সফরে সভায় গরমে অসুস্থ হয়ে পড়েছিল এক কিশোরী। মা-বাবার সঙ্গে এসেছিল মুসকান। গরমে সে অসুস্থ হয়ে পড়লে মুখ্যমন্ত্রী ওই কিশোরীকে মঞ্চে ডেকে নিয়ে নিজেই তার সেবা–যত্ন করেন। নিজের হাতে তার মুখ মুছিয়ে জল খাইয়ে দেন। মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়।
❤ Support Us






